
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
কমল দে, চট্টগ্রাম
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮

দুর্লভ ও মূল্যবান চন্দন গাছের চাষ হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে। ছবি: সময় সংবাদ
মূল্যবান লাল চন্দনের দেখা মিলেছে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে। টানা কয়েক বছরের চেষ্টার পর বীজ থেকে এ দুর্লভ গাছের চারা উৎপাদনে সক্ষম হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এর আগে শ্বেত চন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরিতেও সফলতা পেয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের আশা, আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে দেশের অন্যতম সম্ভাবনাময় রফতানি পণ্য হয়ে উঠতে পারে লাল ও শ্বেত চন্দন।
লাল চন্দনের ব্যবসা নিয়ে গল্প-সিনেমা কম হয়নি। এবার সেই দুর্লভ ও মূল্যবান চন্দন গাছের চাষ হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দুই বছর ধরে চলা লাল চন্দন চাষের গবেষণা অনেকটা সফলতার মুখ দেখছে। তবে এর আগে ২০১৭ সালে শুরু হওয়া শ্বেত চন্দনের চারা উৎপাদন ও গাছ বড় করতে প্রতিষ্ঠানটিকে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা ড. মো. শাহ আলম সময় সংবাদকে বলেন, শ্বেত চন্দন ও রক্তচন্দন দুটোই খুব মূল্যবান এবং দুর্লভ প্রজাতির গাছ। বাংলাদেশে এ প্রজাতির গাছ প্রায় নেই বললেই চলে। এ ইনস্টিটিউটে প্রথমবারের মতো এ ক্ষেত্রে সফলতা পেয়েছে। অদূর ভবিষ্যতে চন্দন কাঠে স্বাবলম্বী হওয়া এবং বিদেশ থেকে কাঠ আমদানির পরিবর্তে নিজেরাই রফতানি করা যাবে।
জানা গেছে, প্রথমপর্যায়ে একাধিকবার ভারত থেকে বীজ এনে চন্দন গাছের চারা উৎপাদনের চেষ্টা চালায় বন গবেষণা ইনস্টিটিউট। তবে বারবারই সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে স্থানীয় একটি চন্দন গাছের বীজ নিয়ে শুরু হয় নতুন করে গবেষণা। এবার চারা উৎপাদন সম্ভব হলেও সেগুলো দ্রুত মারাও যায়। পরে চন্দন গাছের পাশাপাশি অন্য গাছ বা হোস্ট প্ল্যান্ট লাগানোর উদ্যোগ নেয়া হয়। চন্দন গাছের বেড়ে ওঠার জন্য সহায়ক উদ্ভিদ হিসেবে এসব গাছ লাগানোর পরই চারা বাঁচিয়ে তোলার ক্ষেত্রে সফলতা আসে। এ পর্যন্ত চার হাজারের বেশি শ্বেত চন্দনের চারা উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম বলেন, চারা উৎপাদন ও বাগান তৈরি সম্ভব হওয়ায় ১৫ থেকে ২০ বছর পর গাছ থেকে কাঠ সংগ্রহ করা সহজ হবে। এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে। বিশ্ববাজারে প্রতিবছর বৈধভাবে অন্তত ৪ বিলিয়ন মার্কিন ডলারের চন্দন কাঠ বিক্রি হয়। এর মধ্যে শ্বেত চন্দনের বাজার প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের। মূলত সুগন্ধি তেল তৈরিতে এ কাঠ ব্যবহৃত হয়। এছাড়া মূল্যবান প্রসাধনসামগ্রী তৈরিতে ব্যবহৃত লাল বা রক্তচন্দনের বাজার প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার।
প্রাসঙ্গিক:
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পাবলিসিটি অফিসার এয়াকুব আলী সময় সংবাদকে বলেন, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কারণে বাংলাদেশে শ্বেত চন্দনের ব্যাপক চাহিদা রয়েছে। গবেষণার মাধ্যমে উৎপাদিত গাছ দিয়ে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ।
বাংলাদেশে প্রতি কেজি শ্বেত চন্দন ১২ থেকে ১৫ হাজার টাকা এবং লাল চন্দন প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রতিটি চন্দন গাছ পাঁচ থেকে সাত বছরের মধ্যে বীজ দিতে শুরু করে। তবে কাঠে প্রকৃত সুগন্ধ তৈরি হতে সময় লাগে অন্তত ২০ বছর। প্রতিটি চন্দন গাছের আয়ুষ্কাল প্রায় ১০০ বছর।
বিশ্ববাজারে চন্দন কাঠের বড় বাজার রয়েছে-আর বাংলাদেশও এখন সেই বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। শ্বেত চন্দন গবেষণায় সফলতার পর রক্তচন্দন নিয়ে গবেষণা শুরু হয়েছে। সংশ্লিষ্ট গবেষকদের আশা, আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে তৈরি পোশাক খাতের পর অন্যতম প্রধান রফতানি খাত হয়ে উঠতে পারে চন্দন কাঠ।