
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
আতাউর কাউসার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২৩:২৬

জনমনে আতঙ্ক সৃষ্টির নতুন হাতিয়ার হয়ে উঠেছে গুজব। বাসে আগুন, শ্রমিক আন্দোলনে শ্রমিকের মৃত্যু, রাজনৈতিক ব্যক্তিদের—বিশেষ করে সংসদ সদস্যদের পদত্যাগসহ নানা বিষয়ে একের পর এক ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। গুজবের এমন বিস্তারে বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাই না করে বিশ্বাস করাটাই এখন বড় বোকামি।
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার স্ত্রীও শারীরিকভাবে অসুস্থ এবং সেখানেই অবস্থান করছেন।
এদিকে তার পদত্যাগের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির আরও কয়েকজন সংসদ সদস্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। প্রথমে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের পদত্যাগের দাবি সামনে আসে। এমনকি পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও গোপালগঞ্জের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজন পদত্যাগ করেছেন বলেও প্রচার করা হয়।
কিন্তু অনুসন্ধানে দেখা যায়, এসব দাবির কোনো সত্যতা নেই। বিএনপির মিডিয়া সেলও জানিয়েছে, ওসমান ফারুক ছাড়া আলোচিত অন্য সংসদ সদস্যদের কেউ পদত্যাগ করেননি।
এভাবেই একটি বাস্তব ঘটনা, ভুয়া ফটোকার্ড কিংবা পুরোনো ভিডিওকে নতুন রাজনৈতিক বয়ানে উপস্থাপন করে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। ফলে সাধারণ মানুষের পক্ষে কোনটি সত্য আর কোনটি পরিকল্পিত অপপ্রচার, তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ছে।
যেমন সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শিল্পে পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হয়েছিল। পুলিশের হামলায় একাধিক শ্রমিক নিহত হওয়ার কথা বলা হলেও এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
বিশ্লেষণে দেখা গেছে, গুজব ছড়ানোর কৌশলও এখন বহুমাত্রিক। পুরোনো ঘটনার ভিডিওকে নতুন ঘটনার দৃশ্য হিসেবে চালানো, অন্য দেশের ছবি বাংলাদেশের বলে প্রচার, সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়া সংবাদ তৈরি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি ও ভিডিও বানিয়ে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
সম্প্রতি গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের পর যৌথ বাহিনীর অভিযানের নামে ফেসবুকে কয়েকজন ব্যক্তির মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, এটি ১৫ নভেম্বর ২০২৬ সালের গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি গোপালগঞ্জের নয়। এটি ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের একটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযানের পুরোনো দৃশ্য।
গুজব ছড়ানোর আরেকটি ভয়ঙ্কর কৌশল এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরি করা। গত ১২ নভেম্বর ফেসবুকে কয়েকটি ছবি ছড়িয়ে দাবি করা হয়, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবাকে না পেয়ে পুলিশ তার শিশুসন্তানকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করেছে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। একটি পোস্টেই আট শতাধিক শেয়ার ও চার হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো বাস্তব কোনো গ্রেফতারের ঘটনার নয়।
গুজবের এই মহামারি সম্পর্কে এর কার্যকারণ ও করণীয় বিষয়ে কথা বলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, গুজব ছড়ানো দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন মানুষ অন্ধভাবে এসব বিশ্বাস করে। তাই সত্যতা যাচাইয়ের বিকল্প নেই।