
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৮:২

কুষ্টিয়ায় আমির হামজার বিচার দাবিতে নারীদের বিক্ষোভ। ছবি: সময় সংবাদ
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজের নারীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে এ কর্মসূচি পালন করা হয়।
কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় তারা ‘নারীলিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা গত ৬ নভেম্বর নারীর সঙ্গে কথোপকথনসংক্রান্ত একটি অডিও এবং বিভিন্ন চ্যাটের স্ক্রিনশটের কথা উল্লেখ করে আমির হামজার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।
তাদের দাবি, সংশ্লিষ্ট অডিওতে আমির হামজার কণ্ঠে ‘আমি ভুল করেছি’ বলতে শোনা গেছে। একজন জনপ্রতিনিধির কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তারা।
বক্তারা আরও বলেন, বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল ও অন্যান্য অনুষ্ঠানে নারীদের নিয়ে আমির হামজার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক বলে তারা মনে করেন। এ ধরনের বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করে। নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না।
প্রাসঙ্গিক:
তারা বলেন, নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে শালীন ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। তাই আমির হামজার বক্তব্য ও অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
সমাবেশ থেকে আমির হামজার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
একইসঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়া প্রমুখ।