
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০:৯

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। ছবি: সময় সংবাদ
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক রায় দেবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায় ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন ও নিপীড়নের আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে এ রায়ের মধ্য দিয়ে। একই সঙ্গে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরিতে বাড়বে আন্তর্জাতিক চাপ।
তবে রায় হলেই যে প্রত্যাবাসন শুরু হবে, এমনটা মনে করছেন না রোহিঙ্গা নেতারা। তাদের মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করাও জরুরি।
মিয়ানমারের পুমালি বাজারের বাসিন্দা আমিনা খাতুনের একসময় পরিবার নিয়ে সাজানো সংসার ছিল। কিন্তু মিয়ানমারে বিমান হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে যায় তার সেই ঘরবাড়ি। প্রাণ হারান পরিবারের তিন সদস্য। হামলায় আহত হন আমিনা ও তার ছয় মাসের সন্তান নুর কায়দা। জীবন বাঁচাতে নাফ নদী পেরিয়ে আশ্রয় নেন বাংলাদেশে। চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও শরীরের ক্ষত আর স্বজন হারানোর বেদনা আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। সেই নৃশংসতার বিচার চান আমিনা।
আমিনা খাতুন বলেন, ‘আমরা বাংলাদেশে ক্ষুধার জ্বালায় আসিনি, বরং মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচানোর তাগিদে আশ্রয় নিয়েছি। যারা আমাদের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে, আইসিজের কাছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
তিনি আরও বলেন, তারা অন্য কোনো দেশে স্থায়ীভাবে থাকতে চান না। মিয়ানমারে শান্তি ও নিরাপদ পরিবেশ ফিরে এলে নিজ দেশে ফিরে যেতে চান।
শুধু আমিনা নন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। গণহত্যা, ধর্ষণ ও নানা ধরনের নির্যাতনের বিচার চেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন।
আইসিজের রায় নিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ার অগ্রগতি না হওয়ায় হতাশা থাকলেও রায়ের খবরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন অনেকে।
টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইসমাঈল বলেন, গত সাত বছর ধরে বিচারপ্রক্রিয়া চললেও তেমন অগ্রগতি হয়নি। এখন বিচারপ্রক্রিয়া এগিয়ে যাওয়ার খবর শুনে তারা খুবই খুশি। তিনি বলেন, নিজ দেশে নিরাপদে ফিরে যেতে পারলে সেটিই হবে তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ফরিদ বলেন, মিয়ানমারে চরম নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের চোখের সামনে সন্তানদের হত্যা করা হয়েছে। বাংলাদেশে নিজেদের কোনো ঘরবাড়ি না থাকায় অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটছে তাদের। গাম্বিয়ায় বিচারপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরার পথ তৈরি হবে বলে আশা করেন তিনি।
টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. আলম বলেন, গাম্বিয়ায় রোহিঙ্গাদের পক্ষে নিয়োজিত আইনজীবীরা তাদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে ক্ষতিপূরণ, অধিকার নিশ্চিত করা এবং নিজ নিজ বসতভিটা ফিরে পাওয়া। আজ ১৯ নভেম্বরের পর বিচারিক সিদ্ধান্তের ভিত্তিতে তারা বুঝতে পারবেন, প্রত্যাশিত ন্যায়বিচার পেয়েছেন কি না।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রথম সভাপতি সাঈদ উল্লাহ বলেন, ন্যায়বিচারের আশায় প্রায় এক দশক ধরে অপেক্ষা করছেন রোহিঙ্গারা। আদালতের সিদ্ধান্ত ইতিবাচক ফল বয়ে আনবে বলে তারা আশাবাদী। রায়ের তারিখ ঘোষণার পর শরণার্থী শিবিরগুলোতে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবাই পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
সাঈদ উল্লাহর মতে, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এ রায় রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়াতে পারে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশ সরকারকেও বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। তবে আইসিজের রায় বাস্তবায়ন সহজ হবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতাসহ নানা রাজনৈতিক বাধা থাকতে পারে।
তিনি জানান, জামতলী রোহিঙ্গা ক্যাম্পের একটি মাঠে রায় সরাসরি দেখানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অনলাইনেও রায় ঘোষণার খবর দেখার ব্যবস্থা করা হচ্ছে।
ক্যাম্পের বাসিন্দা নূর কামাল বলেন, ‘এই রায় আমাদের জীবনে এখনই বড় কোনো পরিবর্তন নিয়ে আসবে, বিষয়টি তেমন নয়। তারপরও আমরা সবাই রায়টি নিয়ে অনেক বেশি আগ্রহী। এর মাধ্যমে অন্তত আমাদের ভোগান্তির কিছুটা স্বীকৃতি পাব।’
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের আশা করেন, আদালত গাম্বিয়ার পক্ষে রায় দেবেন এবং রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেবেন।
মোহাম্মদ জুবায়ের বলেন, এমন রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে। তাদের ওপর নিপীড়নের ঘটনা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবং মিয়ানমারের অপরাধের বিষয়টি প্রতিষ্ঠিত হবে। এই স্বীকৃতি জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর কাছে নৈতিক গুরুত্ব বহন করবে। এতে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়তে পারে।
আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের (এআরএফএফ) প্রতিষ্ঠাতা রোহিঙ্গা যুবক মুজিবুর রহমানও আইসিজের রায় নিয়ে আশাবাদী। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তাদের বিশ্বাস। যারা তাঁদের ওপর নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে, শেষ পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা হবে।
তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা দুটি পৃথক বিষয় বলে মনে করেন মুজিবুর রহমান। তার মতে, রায় ইতিবাচক হলেও প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান মনে করেন, আইসিজের রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার স্বীকৃতি মিললে তা শুধু এই জনগোষ্ঠীর জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ হবে।
তিনি বলেন, ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে ১৯ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। রোহিঙ্গাদের পক্ষে রায় আসবে বলে তারা প্রত্যাশা করছেন। এ রায় বিশ্বের সব নির্যাতিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মিজানুর রহমানের মতে, রায়ে গণহত্যার স্বীকৃতি মিললে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দাবির পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়বে। একই সঙ্গে মিয়ানমারের ওপর কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক চাপ তৈরি হবে।
তিনি আরও বলেন, রায় হলেই প্রত্যাবাসন শুরু হবে না। তবে এর মাধ্যমে রোহিঙ্গাদের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। মিয়ানমারই তাঁদের নিজ দেশ—এ দাবির পক্ষে আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো ভিত্তি তৈরি হতে পারে। পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদারের সুযোগ সৃষ্টি হবে।
গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ
১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় অভিযোগ করা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ২০১৯ সালে দায়ের করা এ মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘদিন ধরে আইসিজেতে চলেছে।
২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের সময় গণহত্যা, যৌন সহিংসতা ও নানা নৃশংসতার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন লাখ লাখ রোহিঙ্গা। তাদের অনেকেই এখনো নিজ দেশে ফিরতে পারেননি।
দীর্ঘদিনের নির্যাতনের বিচার, হারানো অধিকার ফিরে পাওয়া এবং স্বদেশে ফেরার আকাঙ্ক্ষা-সবকিছু মিলিয়ে আইসিজের রায়কে ঘিরে রোহিঙ্গাদের প্রত্যাশা অনেক। তবে আদালতের রায় বাস্তবায়ন ও প্রত্যাবাসনের পথ কতটা সুগম হবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপ এবং মিয়ানমারের অবস্থানের ওপর।