
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২২:৪

শেরপুরের পাহাড়ি বনাঞ্চলে বন্যহাতির পাল। ছবি: সময় সংবাদ
শেরপুরে হাতি-মানুষের সংঘাত কমাতে নেয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। হাতির চলাচলের পথে বসানো হয়েছে ১৫টি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা। লোকালয়ের দিকে হাতি এগিয়ে এলে মুহূর্তেই সতর্কবার্তা পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্টদের কাছে। আর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটছেন বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা।
পাহাড় থেকে হাতি লোকালয়ের দিকে এগিয়ে আসার খবর পেতে একসময় অপেক্ষা করতে হতো হাতির দেখা পাওয়া পর্যন্ত। ততক্ষণে ঘরবাড়ি কিংবা ফসলের মাঠে পৌঁছে যেত হাতির পাল। এতে বাড়ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঝুঁকি। তবে এখন নিজ অফিসে বসেই হাতির গতিপথ পর্যবেক্ষণ করছেন বনবিভাগের কর্মকর্তারা। বন্যহাতি লোকালয়ে আসার আগেই দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা।
শেরপুরের নালিতাবাড়ীর গহিন বনের পাহাড়ি এলাকায় হাতির চলাচলের পথে পরীক্ষামূলকভাবে সমচূড়া, মধুটিলা, বুরুঙ্গা, ডালুকোণা, দাওধারা-কাটাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে এসব ক্যামেরা। হাতির উপস্থিতি শনাক্ত করে এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে সংশ্লিষ্টদের মোবাইলে। এতে আগাম সংকেত পাওয়ায় দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন বন বিভাগ ও ইআরটির সদস্যরা। হাতি লোকালয়ে প্রবেশের আগেই নেয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জেলার অন্যান্য হাতিপ্রবণ এলাকাতেও এসব ক্যামেরা স্থাপনের দাবি স্থানীয়দের।
নালিতাবাড়ী উপজেলার মধুটিলা এলাকার ইআরটি সদস্য আরফান জানান, ‘ক্যামেরাগুলো লাগানোর পর এই এলাকায় হাতির আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে গেছে। হাতির লোকালয়ে আসার আগেই আমরা সতর্কবার্তা পাই। তখন দ্রুত আমাদের ইআরটি সদস্যরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বন্যহাতিগুলো আবারও বনের ভেতর ফিরিয়ে দিয়ে আসি। ফলে হাতির আক্রমণে এখন আর মানুষের ফসল বা বাড়িঘরের কোনো ক্ষতি হচ্ছে না।’
ঝিনাইগাতীর পাহাড়ি এলাকা গোমরা গ্রামের আনোয়ার বলেন, ‘আমরা পাহাড়ি এলাকায় বাস করি। আমাদের বাড়ি থেকে সীমান্তের দূরত্ব মাত্র ৪০০ মিটার। আমাদের এই এলাকায় হাতির আক্রমণ অনেক বেশি। শুনেছি নালিতাবাড়ী উপজেলায় হাতির আগাম সংবাদ জানতে এআই ক্যামেরা বসানো হয়েছে। আগাম খবর পাওয়ায় হাতির আক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে। তাই আমরাও চাই আমাদের ঝিনাইগাতীর হাতির চলাচলের পথেও যেন এসব ক্যামেরা বসানো হয়। তাতে আমরাও হাতির আক্রমণ থেকে নিজেদের জানমালসহ ফসল রক্ষা করতে পারব।’
প্রাসঙ্গিক:
শ্রীবরদী উপজেলার আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষক হাবিবুল হক পলাশ বলেন, ‘গহিন বনের পাহাড়ি এলাকায় হাতি ফেরাতে এআই ক্যামেরা স্থাপনের বিষয়টি সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে, শুধু ক্যামেরা স্থাপনেই সীমাবদ্ধ না থেকে পাহাড়ে জলাশয় স্থাপন ও হাতির পছন্দের খাদ্য বৃদ্ধি করতে হবে। তাহলে বন্যহাতিগুলো আর লোকালয়ে আসবে না।’
মধুটিলা রেঞ্জের রেঞ্জার মো. আব্দুল করিম বলেন, ‘ক্যামেরাগুলো লাগানোতে আমাদের হাতির চলাচলের ওপর নজর রাখা সহজ হয়েছে। হাতিগুলো বনের ভেতরে থাকতেই আমরা আমাদের মোবাইলে নোটিফিকেশন পাই। আর সঙ্গে সাথেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। তবে আরও কিছু এআই ক্যামেরা স্থাপন করা প্রয়োজন।’
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফহিম চৌধুরী জানান, ‘প্রাথমিকভাবে ১৫টি ক্যামেরা স্থাপন করে সফলতা পাওয়া গেছে। হাতি এবং মানুষের দ্বন্দ্ব কমাতে এসব এলাকায় আরও কিছু ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হবে।’
বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ও মোবাইল অপারেটর গ্রামীণফোনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় নেয়া হয়েছে এই পাইলট প্রকল্প।