
সমালোচনার কড়া জবাব দিলেন পারশা
বিনোদন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৫:১৪

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
ছোট পর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এ অভিনেত্রী এবার ক্ষোভ ঝেড়েছেন ব্যক্তিগত নানা কাণ্ডে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা ‘ফালতু’ তারকাদের নিয়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন ফারিয়া। স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী জানান, শোবিজ দুনিয়ায় নিজেদের ভালো ভালো কাজ উপহার দেয়া অভিনেত্রীদের নিয়ে চর্চা হয় না, চর্চা হয় শুধু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকতে চাওয়া ‘ফালতু’দের নিয়ে।
ফারিয়া বলেন, ‘আসুন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি; তারা শুধু অভিনয়টাই করে, এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেয় না। তাই তাদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম। প্রথমেই আসবে জয়া আহসানের নাম; অসম্ভব সুন্দর দেখতে, অভিনয়ে এবং ব্যবহারে। অভিনয়ের বাইরে তার পোষ্য আছে, গাছ আছে, বাগানবাড়ি আছে। আর যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তারা লক্ষ করলে দেখবেন, তার ব্যাগ আর ঘড়ির কালেকশন, তার জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।’
এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির কথা উল্লেখ করেন ফারিয়া। লিখেছেন, “অভিনয় করার আগে আমি দুটো সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম ‘৬৯’ আরেকটার নাম ‘স্পর্শের বাইরে’। সেই ‘স্পর্শের বাইরে’র প্রোটাগনিস্ট সানজিদা প্রীতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যারিয়ারের শুরুতেই আমার ‘কলিংবেল’ নামের একটা সিরিজে অনেকদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে ওনাকে কথা বলতে দেখিনি।”
নিজের সমসাময়িক একজন অভিনেত্রীকে ঈর্ষা করেন ফারিয়া, তিনি মৌসুমী হামিদ। তার প্রসঙ্গে ব্লেন, ‘আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী, যার অভিনয় দেখলে আমার মনে হয় ইশ! আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম! মৌসুমী হামিদ—অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং ওর অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।’
এরপর উল্লেখ করেন নাজিয়া হক অর্ষার নাম। তাকে নিয়ে ফারিয়ার মন্তব্য, ‘অভিনয় শুধু সংলাপ দিয়ে হয় না, অনেককিছু লাগে; অর্ষা আপুর চোখ কথা বলে। সুবর্ণা (সুবর্ণা মুস্তাফা) আপার পর এই পার্টিকুলার জিনিসটা শুধু ওনার মধ্যেই দেখেছি। কয়েকবছর আগে, শিহাব ভাই তার একটা নাটক করতে বলেন। শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে হওয়ায় করতে পারিনি। সেই নাটকটা অর্ষা আপু করেছিল। নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভালো হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে। অর্ষা আপু যা করেছে ওই নাটকে, আমি হলে চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’
এছাড়াও আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু, নাজিফা তুষিদের নামও উল্লেখ করেছেন ফারিয়া। তার মতে, এসব অভিনেত্রী ভীষণ ভালো অভিনয় করেন। এবং নিজেদের ব্যক্তিত্ব দিয়ে সুনাম কুড়িয়েছেন।
দীর্ঘ পোস্টের শেষাংশে আক্ষেপ করে ফারিয়া লেখেন, “শুধু ‘জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে’ ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফেস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’
দেশের বিনোদনজগতে গুণী অভিনেত্রীদের মূল্যায়ন এবং তাদের নিয়ে আলোচনার ধরন নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি। তার আক্ষেপ, অভিনয় ও প্রতিভার চেয়ে অভিনেত্রীদের পোশাক, ব্যক্তিগত জীবন আর বিলাসিতা নিয়েই বেশি মাতামাতি করেন দর্শক ও গণমাধ্যম।
ফেসবুক পোস্টে পছন্দের কয়েকজন অভিনয়শিল্পীর নামও প্রকাশ করেন ফারিয়া। তার পছন্দের অভিনেত্রীর তালিকায় রয়েছেন জয়া আহসান, বিপাশা হায়াত, অপি করিম, ইশিতা, তারিন জাহান, তিশা, মম, বিন্দু, রুনা খান, নাজিফা তুষি ও মৌসুমী হামিদ।
জয়া আহসানের অভিনয়, ব্যক্তিত্ব থেকে শুরু করে তার রুচি ও জীবনযাপনেরও প্রশংসা করেছেন ফারিয়া। মৌসুমী হামিদের অভিনয়দক্ষতাকে বলেছেন বিধাতাপ্রদত্ত। আর নাজিয়া হক অর্ষার চোখের অভিব্যক্তিতে মুগ্ধতার কথাও জানিয়েছেন। শুধু অভিনয় নয়, সহশিল্পীদের ব্যক্তিত্ব ও পরিশীলিত জীবনবোধও যে তাকে মুগ্ধ করে, উঠে এসেছে সেই কথাও।
তবে প্রশংসার আড়ালে তার মূল আক্ষেপ অন্য জায়গায়। ফারিয়ার প্রশ্ন, অভিনয়শিল্পীদের কাজ, মেধা ও সাফল্য নিয়ে আলোচনা না করে কেন গুরুত্ব পাচ্ছে তাদের পোশাকের দাম, বিদেশে কেনাকাটা কিংবা ব্যক্তিগত জীবন?
শবনম ফারিয়ার মতে, এমন আলোচনায় প্রকৃত গুণী শিল্পীরা আড়ালে থেকে যাচ্ছেন। সবশেষে দর্শক ও গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বদলানোর জরুরি বার্তা দিয়ে অভিনেত্রী লেখেন, একজন অভিনয়শিল্পীর পরিচয় তার পোশাকের দাম কিংবা বিলাসী জীবনযাপনে নয়, বরং তার কাজ ও অভিনয়েই।
প্রাসঙ্গিক: