
দেশে ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ জনের, ভর্তি ২২১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৬:৫০

দেশে বাড়ছে ডেঙ্গু ও হামে আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের চিকিৎসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া নিয়েও ভোগান্তির কথা জানিয়েছেন অভিভাবকদের কেউ কেউ। চিকিৎসক বলছেন, হামের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। দিতে হবে টিকা।
সোমবার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতালে দেখা যায়, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যস্ত চিকিৎসকরা। অন্যদিকে, সন্তানকে নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটছে অভিভাবকদের।
চিকিৎসকদের মতে, চলতি বছর ডেঙ্গুর উপসর্গ ও রোগের ধরনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে জ্বরের তীব্রতা কম থাকলেও রোগী দ্রুত শকে চলে যাচ্ছেন। সময়মতো চিকিৎসা না নেয়ায় বাড়ছে জটিলতা, কঠিন হয়ে পড়ছে পরিস্থিতি।
অন্যদিকে, হামের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয় জানিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম বলেন, এ রোগ প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই।