
মধ্যবর্তী নির্বাচনকীভাবে মার্কিন কংগ্রেস জয় করে নিলো ডেমোক্র্যাটরা, কী হবে প্রভাব
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:২৩

গত ২৯ অক্টোবর ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সংগৃহীত প্রতীকী ছবি
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগে ওই থানার ১৫ পুলিশ সদস্যের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মূল অভিযুক্তসহ তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর রাতে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে পুলিশের সহায়তা চাইতে ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসাওয়ান জেলার গমহারিয়া থানায় যান এক নারী।
পুলিশ সদস্যরা তাকে থানার একটি কক্ষে অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে থানায় কর্মরত ওয়্যারলেস অপারেটর নীরজ লাকরা ওই কক্ষে গিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর ৩১ অক্টোবর লিখিত অভিযোগ করেন ওই নারী।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভারতের ঝাড়খণ্ডজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য পুলিশের কাছে যাওয়া একজন নারী কীভাবে থানার ভেতরেই যৌন সহিংসতার শিকার হলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।
অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। এরপর প্রথমে মূল অভিযুক্ত ওয়্যারলেস অপারেটর নীরজ লাকরাকে গ্রেফতার করা হয়।
এরপর বিশেষ তদন্ত দলের (এসআইটি) তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক মনোজ কুমার সাহু এবং কনস্টেবল সন্তোষ কুমার রাইকে গ্রেফতার করা হয়। তিনজনকেই আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
ঘটনার পর দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনা যথাসময়ে না জানানোর অভিযোগে পর্যায়ক্রমে থানার ১৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তদের মধ্যে রয়েছেন- ২ জন উপপরিদর্শক (এসআই), ৪ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ২ জন হাবিলদার, ১ জন কনস্টেবল, অন্যান্য পদমর্যাদার ৬ পুলিশ সদস্য।
এদিকে ঘটনাটি তদন্তে সরাইকেলা মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অনুভব ভরদ্বাজের নেতৃত্বে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। দলটি ঘটনাস্থল পরিদর্শনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকা বা দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, জি নিউজ