
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২১:৪৫

ওহাইওর নবনির্বাচিত গভর্নর ড. অ্যামি অ্যাকটন। ছবি: এপি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান দলের ধনকুবের ও বায়োটেক উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন তিনি। একই সঙ্গে দুই দশক পর ওহাইওতে গভর্নর নির্বাচনে জয় পেল ডেমোক্র্যাটরা।
প্রতিপক্ষের আক্রমণাত্মক ও তিক্ত প্রচারণার পর মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক বিবেক রামাস্বামীকে পরাজিত করেন ৬০ বছর বয়সি অ্যাক্টন।
২০০০-এর দশকের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ের কেন্দ্র ছিল ওহাইও। তবে গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনেও ১১ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পান তিনি।
কিন্তু এবারের গভর্নর নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ও অর্থনীতি নিয়ে ভোটারদের অসন্তোষ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। নির্বাচনী প্রচারের শেষ দিকে বিবেক রামাস্বামীর প্রচারশিবির অ্যাক্টনের ব্যক্তিগত জীবন নিয়ে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রচার করলে নির্বাচনী লড়াই নতুন মোড় নেয়।
রামাস্বামীর প্রচারশিবির প্রকাশিত বিজ্ঞাপনটিতে অ্যাক্টনের জীবন থেকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন মা ডোনা আর্থারকে ব্যবহার করা হয়। সেখানে মেয়ের বিরুদ্ধে ভিত্তিহীন নানা অভিযোগ করেন তিনি।
যদিও বিজ্ঞাপনটিতে শৈশবে অ্যাকটনের সঙ্গে ঘটা ভয়ঙ্কর ঘটনার কথা উল্লেখ করা হয়নি। অ্যাক্টনের বয়স যখন মাত্র ১২ বছর, তখন তাকে ধর্ষণ করেন তার মায়ের স্বামী। সেই অভিযোগে তার মায়ের স্বামীর বিরুদ্ধে মামলাও হয়েছিল।
নির্বাচনের আগের শেষ কয়েক সপ্তাহজুড়ে বিজ্ঞাপনটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়। দক্ষিণ ক্যারোলাইনার সাবেক রিপাবলিকান গভর্নর নিকি হ্যালি এর সমালোচনা করেন। ওহাইওর বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনও বিজ্ঞাপনটিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নেন। ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘শক্তিশালী’ বলে উল্লেখ করেন এবং রামাস্বামীকে এটা প্রচার অব্যাহত রাখার উৎসাহ দেন।
অন্যদিকে অঙ্গরাজ্যটির সাবেক সিনেটর ভ্যান্স নিজ দলের নেতাদের বিজ্ঞাপনটি নিয়ে ‘অযথা অভিযোগ করা বন্ধ করার’ আহ্বান জানান। দলের কয়েকজন নেতার সমালোচনায় তিনি বিরক্ত বলেও মন্তব্য করেন।
বিজ্ঞাপনটি প্রচার শুরু হওয়ার পর স্থানীয় সংবাদমাধ্যম কলম্বাস ডিসপ্যাচের সম্পাদকীয় বোর্ড অ্যাকটনকে সমর্থন জানায়। বিজ্ঞাপনটিকে ‘বীভৎস ও অস্বস্তিকর’ বলে অভিহিত করে তারা।
বিলিয়নিয়ার বায়োটেক উদ্যোক্তা বিবেক রামাস্বামী ২০২৪ সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে ওহাইওর গভর্নর নির্বাচনে অংশ নেন তিনি।
নিজেকে ট্রাম্পের মতোই একজন রাজনৈতিক বহিরাগত হিসেবে তুলে ধরেন রামাস্বামী। নির্বাচনী প্রচারে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। এরপরও জিততে পারেননি।
অ্যাক্টনের কাছে পরাজয় স্বীকার করে দেওয়া বক্তব্যে রামাস্বামী বলেন, তিনি ওহাইও অঙ্গরাজ্য এবং অ্যামি অ্যাকটনের সাফল্য কামনা করছেন।
তিনি বলেন, ‘এটি কঠিন একটি নির্বাচন ছিল। দুই পক্ষ থেকেই অনেক সময় তিক্ততা তৈরি হয়েছে। তবে আগামীকাল থেকে আমরা আশা করি, তার নেতৃত্বে এই অঙ্গরাজ্যকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু হবে।’
পেশায় চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মকর্তা অ্যামি অ্যাক্টন নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন। শৈশবে গৃহহীন থাকার অভিজ্ঞতার কথাও ভোটারদের সামনে তুলে ধরেন তিনি। মঙ্গলবার বিজয়ী বক্তব্যে অ্যাকটন বলেন, ‘আজ থেকেই পুনর্গঠন শুরু হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ওহাইওর প্রতি আমার প্রতিশ্রুতি হলো, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জীবনমান উন্নয়নে আমি সবার সঙ্গে কাজ করব। সব সময়ই আমি সেটাই করে এসেছি।’
অ্যাক্টন রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের স্থলাভিষিক্ত হবেন। মেয়াদসীমা শেষ হওয়ায় ডিওয়াইন এবার আর গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।
তথ্যসূত্র: বিবিসি।