
‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: চিকিৎসা চেয়ে বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি
আন্তর্জাতিক
স্টিফেন এন আর
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৩৮

ব্রিটেনের গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ডে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে রাখা একটি বি-১বি ল্যান্সার বোমারু বিমান, যেখানে মার্কিন বিমান বাহিনীর সদস্যরা অবস্থান করেন। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সতর্ক করে বলা হয়েছে, পরিবর্তিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে সক্ষম তেহরান। এসব সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিও রয়েছে।
এদিকে, ইরান-সমর্থিত ড্রোন হামলার পরিকল্পনা, অগ্নিসংযোগ এবং সাইবার হামলার অভিযোগে ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। ফলে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ ক্রমেই ইউরোপে ছড়িয়ে পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) প্রচারিত এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সরাসরি যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বোমারু বিমানগুলো এই ঘাঁটি ব্যবহার করেছিল।
প্রতিবেদনে বলা হয়, ‘ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা যতটুকু তারা দেখেছে, তার মধ্যেই সীমাবদ্ধ নয়।’ খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরিবর্তন এনে এর পাল্লা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলেও এতে দাবি করা হয়।
২০২৩ সালে উন্মোচিত খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রের ঘোষিত পাল্লা ২ হাজার কিলোমিটার। এটি ১ হাজার ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ওয়ারহেডের ওজন কমিয়ে ক্ষেপণাস্ত্রটির পাল্লা কয়েক গুণ বাড়ানো সম্ভব।
প্রাসঙ্গিক:
তবে পরিবর্তিত সংস্করণের এমন কোনো ক্ষেপণাস্ত্র ইরানের হাতে রয়েছে, যা যুক্তরাজ্য পর্যন্ত পৌঁছাতে সক্ষম– এমন দাবির স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গত ৩১ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক নির্দেশনার পর এই হুঁশিয়ারি আসে। ওই নির্দেশনায় যুক্তরাষ্ট্র বা ইসরাইলের হামলার জবাব দিতে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রস্তুতি নেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।
এরপর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে দেশটির দীর্ঘদিনের স্বেচ্ছায় আরোপিত ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়া হয়েছে। তবে এই ঘোষণায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি কিংবা মোতায়েন করা হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন আবারও হামলা শুরু করলে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
তেহরানের এ ধরনের স্পষ্ট হুমকি মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরেও সংঘাতের ভৌগোলিক পরিসর বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ব্রিটিশ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন বিমান
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যেই যুক্তরাজ্যে মার্কিন সামরিক স্থাপনায় সম্ভাব্য ইরান-সমর্থিত হামলার পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, গোয়েন্দা সংস্থাগুলো ইরান-সমর্থিত ড্রোন হামলার একটি সম্ভাব্য পরিকল্পনা শনাক্ত করার পর পূর্ব ইংল্যান্ডের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে প্রায় এক ডজন মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। ঘাঁটিটি ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর আকাশে জ্বালানি সরবরাহ এবং বিশেষ অভিযান পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এর আগে গত সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার সম্ভাব্য একটি পরিকল্পনা নস্যাৎ করে ব্রিটিশ পুলিশ। এ সময় তিনটি ভ্যানে থাকা পাঁচজনকে আটক করা হয়।
মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, ওই ব্যক্তিরা অগ্নিসংযোগের উপকরণ ব্যবহার করে ঘাঁটিটিতে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া মার্কিন বোমারু বিমানগুলো আগে এই ঘাঁটি ব্যবহার করেছিল।
ঘাঁটিতে পৌঁছানোর আগেই সন্দেহভাজনদের আটক করা হয়। তবে ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
ইরানের কথিত নেটওয়ার্ক যেভাবে কাজ করছিল
নিউইয়র্কে প্রকাশ করা এক অভিযোগপত্রে ইরানের রেভল্যুশনারি গার্ডের এক সদস্য, ইরাকের এক অপরাধী মধ্যস্থতাকারী এবং ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে নিয়ে গঠিত কথিত নেটওয়ার্কের বিস্তারিত উঠে এসেছে।
মার্কিন কৌঁসুলিদের দাবি, ব্রুকলিনে আটক কাতাইব হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি বিদেশে থাকা সহযোগীদের মাধ্যমে বিভিন্ন হামলার সমন্বয় করতেন।
তদন্তকারীদের অভিযোগ, এই নেটওয়ার্ক ইউরোপের বিভিন্ন স্থানে ইহুদি প্রতিষ্ঠানসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য স্থানীয় ব্যক্তিদের নিয়োগ করেছিল।
এর মধ্যে একটি ঘটনায় লন্ডনের এক সিনাগগে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় এক কিশোরকে ভিডিও কলের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
লন্ডনে স্বেচ্ছাসেবী জরুরি সেবাদানকারী একটি সংস্থার চারটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার ঘটনাসহ ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় হামলার সঙ্গেও এই নেটওয়ার্কের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
এসব অভিযোগে পশ্চিমা স্বার্থের জন্য নতুন ধরনের নিরাপত্তাঝুঁকির বিষয়টি সামনে এসেছে। কারণ, স্থানীয় লোকজনকে ব্যবহার করে তুলনামূলক কম খরচে হামলা চালানো সম্ভব, যেখানে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর প্রয়োজন হয় না।
সাইবার হামলায় বাড়ছে ইউরোপের নিরাপত্তা উদ্বেগ
বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো সাইবার হামলার ঘটনাও তদন্ত করছে ইউরোপীয় কর্তৃপক্ষ।
গেল অক্টোবরে ফ্রান্সের সুপারমার্কেটগুলোর হিমাগার ও রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ফলে লাখ লাখ ডলারের খাদ্যপণ্য নষ্ট হয়েছে বলে জানা গেছে। পরবর্তী সময়ে ইউরোপের আরও কয়েকটি দেশের খুচরা বিক্রয় প্রতিষ্ঠানেও একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া ফ্রান্সের ব্লাডব্যাংকগুলোও সাইবার হামলার শিকার হয়েছে।
ফ্রান্সের অভিযোগ, দেশটির রেফ্রিজারেশন ব্যবস্থায় হামলার পেছনে ইরানের হাত রয়েছে। প্যারিস একে বড় ধরনের নাশকতামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে।
তবে ইউরোপের সব নিরাপত্তা ঘটনার জন্য তেহরানকে দায়ী করা হয়নি। বেশ কিছু ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
ইউরোপ কি সংঘাতের নতুন রণক্ষেত্র হতে যাচ্ছে?
এসব ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। গত সপ্তাহে ভেটেরানস ডে উপলক্ষে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত বিশ্বকে আরও নিরাপদ করেছে।
তিনি বলেন, ‘এই সংঘাত শেষ হলে পুরো বিশ্ব আরও নিরাপদ, উন্নত ও শান্তিপূর্ণ স্থানে পরিণত হবে।’
তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে সরাসরি অংশ নেওয়া এড়িয়ে চলার চেষ্টা করলেও, ইউরোপের সরকারগুলো নিজেদের ভূখণ্ড সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠার আশঙ্কায় উদ্বিগ্ন। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটনের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতার রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য বাড়িয়ে দিতে চাইছে তেহরান।
ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ এলি গেরানমায়েহ দ্য নিউইয়র্ক টাইমস-কে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করে, তাহলে পাল্টা প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তুর তালিকায় ইউরোপও থাকবে, যা ইউরোপীয়দের কাছে স্পষ্টভাবে তুলে ধরছে তেহরান।’
সামগ্রিক নিরাপত্তা উদ্বেগ বাড়ছে
এদিকে কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে রয়েছে। আলোচনায় ফিরতে হলে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানিয়েছে তেহরান।
ইউরোপজুড়ে বেনামি বোমা হামলার হুমকির নজিরবিহীন ঢেউ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সম্প্রতি এসব হুমকির কারণে ৫০টির বেশি ফ্লাইট এবং হাজার হাজার স্কুল কার্যক্রমে বিঘ্নের মুখে পড়ে। ইতালিতে শতাধিক স্কুল খালি করে দেওয়া হয়।
তবে এসব হুমকির পেছনে কারা রয়েছে, তা তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি। প্রমাণ ছাড়া বিদেশি শক্তিকে দায়ী করার ব্যাপারে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানোর প্রয়োজন এখন আর ওয়াশিংটনের নেই।
সব মিলিয়ে ক্ষেপণাস্ত্র হামলার প্রকাশ্য হুমকি, কথিত গোপন অভিযান এবং সাইবার নাশকতার অভিযোগ নতুন এক উদ্বেগের জন্ম দিয়েছে। বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু না হলেও ইউরোপ ক্রমেই বাড়তি চাপের মুখে পড়তে পারে।
এখন বড় প্রশ্ন হলো– যুক্তরাষ্ট্রের নতুন হামলা ঠেকাতে ইরান কি মূলত ইউরোপকে সতর্ক করছে, নাকি সংঘাতের প্রয়োজনে ইউরোপকেও নতুন রণক্ষেত্রে পরিণত করার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে?
লেখক: স্টিফেন এন আর, সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর, গালফ নিউজ