
ইসরাইলে সাত বছরে ৬টি জাতীয় নির্বাচনের কারণ কী?
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৫০

ভোট দিচ্ছেন জয়েন্ট লিস্ট পার্টির ইউসেফ জাবারিন। ছবি: রয়টার্স
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ফিলিস্তিনি-ইসরাইলি তথা আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে, যা সরকার গঠনের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৪টি আসন। তাকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী বিরোধী শিবিরের গাদি আইজেনকোট নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৭টি আসন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। এরপর শুরু হয় ভোট গণনা। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১১টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) পর্যন্ত ৭০ শতাংশ ভোট (প্রায় ৪০ লাখ ব্যালট) গণনা হয়েছে। ভোটের প্রাথমিক হিসাবে নেতানিয়াহু ও আইজেনকোট নেতৃত্বাধীন দলগুলোর আসনসংখ্যায় বড় পরিবর্তন না এলেও ফিলিস্তিনি দলগুলোর আসন বেড়েছে।
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে কোনো একক জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফিলিস্তিনি দলগুলো সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নেতানিয়াহুর লিকুদ পার্টি আগের নির্বাচনের তুলনায় সমর্থন হারালেও সর্বোচ্চ ভোট পেয়েছে। দলটি পেয়েছে ২৭টি আসন। অন্যদিকে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২০টি আসন।
তবে নেতানিয়াহুর জন্য বড় উদ্বেগের বিষয় হলো, তার কট্টর ডানপন্থি মিত্র ইতামার বেন-গভিরের ওতজমা ইয়েহুদিত এবং বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টির সমর্থন কমেছে। দল দুটি পেয়েছে যথাক্রমে ৭ ও ৬টি আসন।
অন্যদিকে ফিলিস্তিনি-ইসরাইলি দলগুলোর আসন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে একাধিক আরব দলের জোট জয়েন্ট লিস্টের আসন প্রায় দ্বিগুণ হয়েছে। দলটি পেয়েছে ১৩টি আসন। আর রা’আম পেয়েছে ৬টি আসন।
দল আসন
লিকুদ (নেতানিয়াহু)- ২৭
ইয়াশার (আইজেনকোট)- ২০
জয়েন্ট লিস্ট- ১৩
টুগেদার (নাফতালি বেনেট)- ১১
ডেমোক্র্যাটস (ইয়ার গোলান)- ৮
ইসরাইল বেইতেনু- ৮
শাস- ৭
ইউনাইটেড তোরাহ জুডাইজম- ৭
ওতজমা ইয়েহুদিত- ৭
রিলিজিয়াস জায়নিজম- ৬
রা’আম- ৬
ভোট গণনার হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোটের ৫৪টি আসন এবং বিরোধী ও ফিলিস্তিনি দলগুলোর সম্মিলিত ৬৬টি আসন রয়েছে। তবে বিরোধী দল ও ফিলিস্তিনি দলগুলো জোট সরকার গঠনের পক্ষে একসঙ্গে কাজ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি সরকারকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন। তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে দায়িত্ব নিতে প্রস্তুত তার দল।
জাতীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথকে জাবারিন বলেন, ‘এই সরকার প্রতিটি আরব নাগরিকের জীবন দুর্বিষহ করে তুলেছে।’ নিজেদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে দলের আদর্শ ও মূল্যবোধ এগিয়ে নেওয়ার সক্ষমতা তাঁদের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাবারিন বলেন, ‘নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে আমরা প্রস্তুত।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল জাজিরা