
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জস বাটলার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৯

মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত
ঢাকা টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। পুরো ৯০ ওভার খেলা না হলেও ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকেরা। ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এই সাফল্যের কৃতিত্ব নিজের কাঁধে নিতে নারাজ তিনি। বরং আগের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পরিশ্রমকেই বড় করে দেখছেন জাতীয় দলের এই কোচ।
সিরিজ শুরুর ঠিক আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় আশরাফুলকে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফিরিয়ে আনা হয় সালাউদ্দিনকে। দলের সঙ্গে কাজ করার জন্য মাত্র দুই দিন সময় পেয়েছেন তিনি। এত অল্প সময়ে ব্যাটিংয়ে বড় কোনো পরিবর্তন আনার সুযোগও দেখছেন না অভিজ্ঞ এই কোচ।
সালাউদ্দিনের মতে, একজন কোচের কাজের প্রভাব তাৎক্ষণিক ফলাফলের বাইরেও থাকে। আশরাফুলের এক বছরের পরিশ্রমের ফলই এখন ব্যাটসম্যানদের পারফরম্যান্সে দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি।
দলের সঙ্গে অল্প সময় কাজ করার অভিজ্ঞতা নিয়ে সালাউদ্দিন বলেন, 'এখানে খুব বেশি পরিবর্তনের কিছু নেই। তাদের সাথে আমার যোগাযোগ তো আছেই। আর আগে যে অ্যাশ ছিল… কোচ একটা লিগ্যাসি রেখে যায়। সে ভালো কোনো কাজ করেছে বলেই এই টেস্টে ওরা ভালো ব্যাট করছে।'
আশরাফুলের অবদানের কথা আরও স্পষ্ট করে তুলে ধরেছেন সালাউদ্দিন। তিনি বলেন, 'সবারই এখানে অবদান আছে। হয়ত আপনি রোজ ভালো করবেন না। কিন্তু চেষ্টা করেছেন কিনা, সৎ ছিলেন কিনা—এসব মূল বিষয়। অ্যাশ এক বছর ব্যাটারদের নিয়ে অনেক কাজ করেছে। হয়ত মাঝে মাঝে ফল এসেছে, মাঝে মাঝে আসেনি। এখন রেজাল্ট আসছে, হয়ত আমি মজা নিচ্ছি; তা না। পূর্ববর্তীতে সে অনেক কাজ করছে। আমি বেশি সময়ও পাইনি, বেশি চেঞ্জেরও কিছু নেই। পুরো ক্রেডিট আশরাফুলের। মানসিকভাবেও সামান্য সহায়তা হয়ে থাকলে এটার কৃতিত্ব আশরাফুলকে দেওয়া উচিৎ।'
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে আশরাফুলকে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদিকে, এইচপির দায়িত্বে থাকা সালাউদ্দিনকে ফিরিয়ে আনা হয়েছে জাতীয় দলে। বিদেশি কোচ এলে সালাউদ্দিনকে আবারও অন্য কোনো দায়িত্বে পাঠানো হতে পারে, এমন গুঞ্জনও রয়েছে।