
নবীজির প্রিয় আদর্শ
ধর্ম
ইসলাম ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৪৭

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু
সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে বিরল এক সম্মান পেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে গত ১ নভেম্বর তিনি পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেন। সাধারণত রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য ও বিশেষ গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্য থেকে সীমিতসংখ্যক ব্যক্তিকে এ সুযোগ দেওয়া হয়।
প্রেসিডেন্ট তিনুবুর সঙ্গে এ সময় কয়েকজন রাজ্য গভর্নর, তার ছেলে ইয়িনকা তিনুবু, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিইউএ গ্রুপের চেয়ারম্যান আবদুল সামাদ রাবিউ এবং ওআন্দো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওয়ালে তিনুবু। কাবার ভেতরে নামাজ আদায়ের পাশাপাশি হাজরে আসওয়াদেও চুম্বন করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। এ সময় কাবার গিলাফের চারপাশে নাইজেরিয়ার জাতীয় পতাকার সবুজ ও সাদা রঙের সাজসজ্জা দেখা যায়।
গত ২৯ অক্টোবর মক্কায় পৌঁছান প্রেসিডেন্ট তিনুবু। শুক্রবার ভোরে মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ এবং সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ি শেষে নিজ দেশ নাইজেরিয়ার শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনুবু বলেন, পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া তার জীবনের ঐতিহাসিক সম্মান। দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে তিনি মহান আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা কামনা করেছেন। এ সুযোগ করে দেওয়ায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনুবুর সঙ্গে কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া ব্যবসায়ী আবদুল সামাদ রাবিউ এ অভিজ্ঞতাকে জীবনের অন্যতম বিরল সম্মান হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, জীবনে বহুবার হজ ও ওমরাহ পালন করলেও এর আগে কখনো পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাননি।
এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও সৌদি আরব সফরকালে পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের নির্বাচনের আগে মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে নির্বাচনে জয়ী হলে কৃতজ্ঞতা জানাতে আবারও সৌদি আরবে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনুবু। ২০২৬ সালের এই সফরকে তার সেই প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া এই বিশেষ সম্মানকে নাইজেরিয়ার সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্কের কূটনৈতিক বার্তা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ২০২৭ সালের নির্বাচনের আগে নাইজেরিয়ার মুসলিম ভোটারদের কাছে প্রেসিডেন্ট তিনুবুর রাজনৈতিক ভাবমূর্তিতে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: ভয়েস অব নাইজেরিয়া