
বাংলাদেশে আসছেন মাওলানা হানিফ জালান্ধরি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:২৬

মাওলানা আবুল কাসেম নোমানি
উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন।
২৫ নভেম্বর (বুধবার) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি জানান, সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রস্তুতি চলছে।
মাওলানা নাসীরুল্লাহ জানান, আগামী ২৫ নভেম্বর দুপুরে ঢাকায় পৌঁছানোর পর মুফতি আবুল কাসেম নোমানী রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসা, টেকনাফের নীলা মাদ্রাসা ও চট্টগ্রামের নানুপুর মাদ্রাসাসহ দেশের কয়েকটি প্রতিষ্ঠানের আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) ঢাকা ত্যাগ করে ভারতের দেওবন্দে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
তিনি বলেন, ‘দেওবন্দের মুহতামিমের এই সফর দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা তাঁর বক্তব্য ও দিকনির্দেশনা থেকে উপকৃত হবেন বলে আমরা আশা করছি।’
এর আগে গত আগস্টে চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন মুফতি আবুল কাসেম নোমানী। ওই সফরে তিনি রাজধানীর নিউমালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ বিভিন্ন কওমি মাদ্রাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া ৫ আগস্ট রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে আয়োজিত একটি ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
মুফতি আবুল কাসেম নোমানী দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস। ইসলামী শিক্ষা, হাদিসচর্চা, দাওয়াহ ও ইসলাহি কার্যক্রমে দীর্ঘ অবদানের কারণে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সমাদৃত। তার আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরে দেশের কওমি অঙ্গনে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।