
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯:১৪

ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেফতার। ছবি: সংগৃহীত
ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের চাকরিচ্যুত দুই সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. লিমন মিয়া (৩৪)। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার নান্দাহা গ্রামে। অপরজন সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীর (৫৫), তিনি খুলনার লবণচরা থানার বাসিন্দা এবং বর্তমানে ফরিদপুর শহরের রঘুন্দনপুরের মাজেদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এ ছাড়া মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকা (৩৬)।
এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসেরহাট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করেন তারা। ওই সময় তাদের আরেক সদস্যকে হাতকড়া পরিয়ে ইজিবাইকের চালককে ফরিদপুর ডিবি অফিসে যেতে বলেন। কিন্তু পথিমধ্যে নির্জন জায়গায় এসে চালক শহিদুল ইসলামকে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যান তারা। এ সময় তার কাছে থাকা মোবাইল ও নগদ অর্থও ছিনিয়ে নেয়া হয়।
এ ঘটনায় ইজিবাইক চালক কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় ফরিদপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে চক্রের অন্যতম মূলহোতা লিমন মিয়া এবং তার সহযোগী মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকাকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী ফরিদপুর শহরের রঘুন্দনপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সেনাবাহিনীর চাকরিচ্যুত মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যানুযায়ী, লিমনের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি ও বোয়ালমারী, রাজবাড়ীর পাংশা, মাদারীপুর সদর এবং ডিএমপির শ্যামপুর থানাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১১টি চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিএমপির শ্যামপুর, গেন্ডারিয়া এবং রাজবাড়ী সদর ও পাংশা থানায় কমপক্ষে ৫টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে গত ১২ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিতে ডাকাতির অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেল ও নগদ ২৪ লাখ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল ডাকাতি করে। জাহাঙ্গীরের বাসায় অভিযানকালে ওই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তারা ডাকাতির ঘটনা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, এই চক্রের সঙ্গে বড় ধরনের অপরাধী নেটওয়ার্ক জড়িত। গ্রেফতার হওয়া ব্যক্তিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে তদন্তের স্বার্থে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধারের উদ্দেশ্যে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।