
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রতিবেদক, যশোর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৪

জ্বালানিচালিত গাড়ির বিকল্প হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে ইলেকট্রিক মোটরসাইকেল।
বৈশ্বিক জ্বালানি সংকট আর লোডশেডিংয়ের জাঁতাকলে যখন নাকাল জনজীবন ঠিক তখনই দেশের পরিবহন খাতে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। জ্বালানিচালিত গাড়ির বিকল্প হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে হু হু করে বাড়ছে চীনের তৈরি ইলেকট্রিক মোটরসাইকেল ও যানবাহনের জনপ্রিয়তা। ক্রেতা-বিক্রেতারা ব্যক্তিগত খরচে সাশ্রয়ের কথা বললেও বিশেষজ্ঞদের দাবি, বিদ্যমান বিদ্যুৎ সংকট ও টানাপোড়েনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এ প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার ভবিষ্যতে পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে।
চলমান বৈশ্বিক যুদ্ধবিগ্রহের কারণে বিশ্বজুড়ে চলছে তীব্র জ্বালানি সংকট। যার সরাসরি প্রভাব পড়েছে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে। তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি স্বাভাবিকভাবেই বেড়েছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে সাশ্রয়ী বিকল্প হিসেবে দেশের বাজারে বাড়ছে ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা। রাজধানী থেকে শুরু করে মফস্বল শহরগুলোতেও দ্রুত বাড়ছে ই-বাইকের শোরুমের সংখ্যা।
যশোর শহরের স্থানীয় শোরুমগুলোতে প্রতিদিন বিভিন্ন পেশার মানুষ ই-বাইকের খোঁজখবর নিতে আসছেন এবং কিনছেন। বাজারে রিপন অটোস লিমিটেড, নাসিস সিনটেক্স মোটরস সহ দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে বিক্রি বেড়েছে চোখে পড়ার মতো।
ই-বাইকের সম্ভাবনার কথা তুলে ধরে রিপন অটোস লিমিটেডের ভাইস চেয়ারম্যান আহাদ হোসেন জানান, বাংলাদেশে বৈদ্যুতিক মোটরসাইকেল এখনো শুরুর পর্যায়ে (ইনিশিয়াল স্টেজ) রয়েছে। গত বছর মাত্র ২৫ হাজার ই-বাইক বিক্রি হলেও এ বছর শেষে তা ৪৫ থেকে ৫০ হাজারে গিয়ে ঠেকবে। অর্থাৎ প্রায় ৮০ থেকে ১০০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষ দ্রুত এ প্রযুক্তির দিকে ঝুঁকছে। যেখানে বর্তমানে জ্বালানিচালিত বাইক বছরে ৪ থেকে ৫ লাখ বিক্রি হয়, ভবিষ্যতে সঠিক পরিবেশ পেলে ই-বাইকও বাজারে বছরে ৪-৫ লাখে বিক্রি গিয়ে পৌঁছাবে।
নাসির সিনটেক্স মোটরসের প্রতিনিধি লোকমান হোসেন জানান, পরিবেশবান্ধব হওয়া ছাড়াও সাউন্ড ও এয়ার পলিউশন না থাকায় দৈনন্দিন যাতায়াতে মানুষের কাছে এটি জনপ্রিয় হচ্ছে। যশোরেই ইতোমধ্যে ১৫-১৬টি শোরুম গড়ে উঠেছে এবং আমরা প্রতি মাসেই ৪০-৫০টি বাইক বিক্রি করছি।
এদিকে জ্বালানি তেলের তুলনায় ই-বাইকে খরচ অনেক কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। শোরুমে ই-বাইক কিনতে আসা মতিয়ার রহমান নামে এক ক্রেতা বলেন, তেল চালিত মোটরসাইকেলে যেখানে মাসে ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হতো, সেখানে ই-বাইক কিনে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা বিদ্যুত খরচে পুরো মাস চলে যাচ্ছে।
সাইফ হোসেন নামে আরেকজন ই-বাইক ব্যবহারকারী বলেন, জ্বালানি তেলের দাম এখন প্রতি লিটারে ১৩৫ থেকে ১৬৫ টাকা পর্যন্ত ঠেকেছে, যা মধ্যবিত্তের জন্য বহন করা কঠিন। অন্যদিকে মাত্র ১৫-২০ টাকার বিদ্যুৎ চার্জে প্রায় ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া যাচ্ছে। এছাড়া পেট্রোল পাম্পের ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইন ও সময় নষ্ট হওয়া থেকেও মুক্তি পাওয়া যাচ্ছে। যে কারণে আমি ইলেকট্রিক মোটরসাইকেল বেছে নিয়েছি।
ই-বাইক ব্যবহারে ব্যক্তিগত পর্যায়ে বিপুল আর্থিক সাশ্রয় হলেও জাতীয় গ্রিড ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর নেতিবাচক প্রভাব নিয়ে চিন্তিত বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক প্রধান প্রকৌশলী আবু হাসান বলেন, ইলেকট্রিক ভেহিকেলের বিস্তার দ্রুত হচ্ছে, কিন্তু এগুলোর ব্যাটারি চার্জ দিতে অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়। বর্তমানে প্রাথমিক জ্বালানি আমদানির ওপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে খরচ অনেক বেড়ে গেছে। তা ছাড়া ই-বাইক মালিকরা সরকার নির্ধারিত প্রপার চার্জিং স্টেশনে না গিয়ে নিজেদের বাসাবাড়ির কম মূল্যের আবাসিক বিদ্যুতে চার্জ দিচ্ছেন। ফলে বিদ্যুতের চাহিদা আনপ্রেডিক্টেবলভাবে (আগে থেকে অনুমান সম্ভব না) বাড়ছে। এখন নীতিমালা করে এটি নিয়ন্ত্রণ না করলে উৎপাদন ও সরবরাহের ঘাটতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে।
একই বিষয়ে বিশেষজ্ঞ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইমরান খান বলেন, সাশ্রয়ী বিবেচনা বা বিকল্প বাহন হিসেবে ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বা ই-বাইক গ্রহণ করা হলেও এর ক্রমবর্ধমান ব্যবহার আমাদের জাতীয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং গ্রিড লাইনের ব্যবস্থাপনায় বড় ধরনের প্রভাব ফেলবে।
তার মতে, দেশে হঠাৎ করে এই প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুৎ খাতের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা সামলানোর জন্য সুনির্দিষ্ট ও পরিকল্পিত অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। ফলে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে, বরং ধাপে ধাপে এবং সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার ওপর তিনি জোর দিয়েছেন। তা না হলে এটি জাতীয় বিদ্যুৎ খাতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বা সংকট তৈরি করতে পারে।
প্রসঙ্গত বর্তমানে দেশে বিদ্যুতের মোট সর্বোচ্চ চাহিদা প্রায় ১৭ হাজার ২০০ মেগাওয়াট। তবে জ্বালানি সংকটের কারণে অনেক সময় প্রকৃত উৎপাদন ও সরবরাহ নেমে আসে সাড়ে ১২ হাজার মেগাওয়াটে, যার ফলে দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র লোডশেডিং। তাই খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, ই-বাইককে টেকসই বিকল্প বাহন হিসেবে প্রতিষ্ঠা করতে হলে অতিদ্রুত নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপন, সঠিক বিদ্যুৎ শুল্ক নির্ধারণ এবং স্পষ্ট নীতিমালার আওতায় একে নিয়মে আনতে হবে। তা না হলে ব্যক্তিগত সাশ্রয়ের এ মাধ্যমটি জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সংকটের নতুন কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রাসঙ্গিক: