
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৫:৬

নিহত আবদুস সোবহান এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আবদুস সোবহান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে তক্তারপুল এলাকায় তার দোতলা বাড়িতে ঢুকে স্ত্রীর সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।
সিসিটিভি ফুটেজে অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দলকে হত্যাকাণ্ডে অংশ নিতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে আবদুস সোবহানের সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাত ১২টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ি ঘেরাও করে। পরে বাড়িতে ঢুকে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।
স্বামীর এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোকে ভেঙে পড়েছেন তার স্ত্রী। সোবহানের ভাই বাদশা জানান, এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। পরে সেসব বিরোধের মীমাংসাও হয়েছিল। এরপরও তার ভাইকে এভাবে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ, সিআইডি ও র্যাব সদস্যরা। ঘিরে রাখা হয় বাড়িটি। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, মাদক নিয়ে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে কারা জড়িত, তা জানা যাবে।
সিআইডির পরিদর্শক রফিক উল্লাহ বলেন, ঘটনাস্থল ঘিরে রেখে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে ছুরি ও চাপাতিসহ কয়েকটি আলামত পাওয়া গেছে।
এদিকে গত দুই বছরে বাকলিয়া এলাকায় মাদক ও অস্ত্র কারবার এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চারটির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত আবদুস সোবহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রাসঙ্গিক: