
শুঁটকি মৌসুমের শুরুতেই বৈরি আবহাওয়ার কবলে দুবলার চরের জেলেরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করার আনুষ্ঠানিক অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
প্রকল্প সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা মেনে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে। সম্প্রতি প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ ধাপ সফলভাবে সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালব পরীক্ষার যে জটিলতা দেখা দিয়েছিল, তা-ও সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
পরবর্তী ধাপ হিসেবে শুরু হয় ‘বি-২’, যেখানে প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করার পর শুরু হয় ‘ক্রিটিক্যালিটি’ পর্যায়। ‘ক্রিটিক্যালিটি’ হলো এমন একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যার মাধ্যমে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ‘চেইন রিঅ্যাকশন’ বা পরমাণু বিভাজন শুরু হয় এবং ধাপে ধাপে স্থিতিশীল ও নিরাপদ উপায়ে শক্তি উৎপাদিত হতে থাকে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হলে জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ কার্যক্রমও শুরু করেছে রাশিয়া।