
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭

শহরে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। ফাইল ছবি
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরা (বডি-ওর্ন ক্যামেরা) ও বিশেষ ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যানও মোতায়েন রাখা হয়েছে।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের পর প্রথম দফায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
এর ধারাবাহিকতায় গত রোববার (১৫ নভেম্বর) জেলা শহরে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর এবং টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখাসহ বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি হওয়ায় গত রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সোমবার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়।
পাশাপাশি আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলায় বিজিবির সংখ্যা বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়েছে।
প্রাসঙ্গিক: