
পুকুরে মিললো সাবেক ইউপি সদস্যের মরদেহ
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

স্ত্রী জামিলা পারভীন কুমকুমসহ টিআই তুহিন লস্করের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। ছবি: সংগৃহীত
বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা আদায় এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্করের বিরুদ্ধে। তার পাশাপাশি স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করেন সহকারী পরিচালক মোস্তাফিজ। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দুদকের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস।
দুদকের অভিযোগ অনুযায়ী, এই দম্পতির বিরুদ্ধে মোট ৭ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি সম্পদের তথ্য গোপন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগও আনা হয়েছে। ঢাকায় ফ্ল্যাটসহ বিভিন্ন স্থানে তাদের বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুদক।
তুহিন লস্কর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নান লস্করের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার হোয়াইট প্যালেসে বসবাস করেন। ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। চাকরিজীবনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রংপুর জেলা পুলিশে কর্মরত।
তুহিনের বিরুদ্ধে ২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগ
দুদকের মামলার বিবরণী অনুযায়ী, তুহিন লস্করের বিরুদ্ধে ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণীতে ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৯০২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।
স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ
অন্যদিকে, তুহিনের গৃহিনী স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ করেছে দুদক। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২২ লাখ ১৮ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯১ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
যেসব সম্পদের সন্ধান পেয়েছে দুদক
দুদকের নথি অনুযায়ী, তুহিন লস্করের নামে ঢাকার মিরপুরের বিজয় রাকিন সিটি প্রকল্পে ১ হাজার ৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট ও কার পার্কিংয়ের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া খুলনার বটিয়াঘাটায় ৮ লাখ ৭২ হাজার টাকা এবং গোপালগঞ্জ সদর এলাকায় ৮ লাখ ২৫ হাজার টাকা মূল্যের জমির মালিকানার তথ্য উল্লেখ রয়েছে।
তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামেও একাধিক স্থানে সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে রয়েছে খুলনার খালিশপুর আবাসিক এলাকায় ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বহুতল ভবন, ফরিদপুরের কামলাপুর এলাকার ইউনাইটেড টাওয়ারে ১৮ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট এবং হাবেলী গোপালপুরে আবাসিক ভবনে ৩০ লাখ টাকা মূল্যের আরেকটি ফ্ল্যাট।
এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার খাটরা মৌজায় ৩৬ লাখ টাকা মূল্যের জমি ও ২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা ভবনের তথ্য পাওয়া গেছে। একই মৌজায় আরও ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জমি এবং ব্র্যাক ব্যাংকের ফরিদপুর শাখায় ২৯ লাখ ৩২ হাজার ৭৮৯ টাকার সন্ধান পেয়েছে দুদক।
মামলার নথিতে বলা হয়েছে, তুহিন লস্কর ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজির মাধ্যমে বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা আদায় করে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের পর তার ও স্ত্রীর নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। পরবর্তী সময়ে সম্পদের তথ্য যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করার সুপারিশ করা হয়।
দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস জানান, অনুসন্ধানের সময় আদালতের মাধ্যমে তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। অনুসন্ধানে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদকের অভিযোগে বলা হয়েছে, তুহিন লস্কর সম্পদ বিবরণীতে ব্যক্তিগত ঋণের বিষয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় অপরাধ করেছেন। পাশাপাশি অবৈধ আয়ে অর্জিত সম্পদের উৎস গোপন বা আড়াল করার চেষ্টা করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং অবৈধ সম্পদের উৎস গোপন বা আড়াল করার অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তুহিন লস্কর বলেন, ‘মামলার বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে এসব বিষয়ে পরে কথা বলব।’
প্রাসঙ্গিক: