
কড়াইলে ব্লাস্টের আইনগত সহায়তা ক্যাম্প
অন্যান্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৪:১৭

পরমাণু বোমা বিস্ফোরণের প্রতীকী ছবি
পৃথিবীজুড়ে বাড়ছে যুদ্ধের উত্তেজনা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান-যুক্তরাষ্ট্রের বৈরিতা এবং বড় শক্তিগুলোর সামরিক প্রতিযোগিতা নতুন করে সামনে এনেছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠলে একটি প্রশ্ন ঘুরেফিরে সামনে আসছে—বিশ্বযুদ্ধ শুরু হলে পৃথিবীর কোন দেশগুলোতে মানুষের টিকে থাকার সম্ভাবনা বেশি?
বিশেষ করে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ দীর্ঘদিনের। কারণ, পারমাণবিক যুদ্ধের ক্ষতি শুধু বিস্ফোরণ, প্রাণহানি কিংবা তেজস্ক্রিয়তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর জলবায়ু, কৃষি, খাদ্য উৎপাদন, যোগাযোগব্যবস্থা ও অর্থনীতিতে। এমনকি যুদ্ধের বাইরে থাকা দেশগুলোও ভয়াবহ খাদ্যসংকটে পড়তে পারে।
তবে সব দেশ একই মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে না। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, খাদ্য উৎপাদন, জ্বালানি সক্ষমতা, অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীলতার মতো বিষয়গুলো কোনো দেশের টিকে থাকার সম্ভাবনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষকদের এমনই কিছু বিশ্লেষণে উঠে এসেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুর নাম। এসব দেশ বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের মধ্যেও তুলনামূলকভাবে বেশি সক্ষম থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
পারমাণবিক যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পরিণতিগুলোর একটি হলো 'নিউক্লিয়ার উইন্টার' বা পারমাণবিক শীত। সহজভাবে বললে, পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন ও ধোঁয়া বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উঠে সূর্যের আলো আটকে দিতে পারে। এতে পৃথিবীর তাপমাত্রা কমে যেতে পারে। ব্যাহত হতে পারে বৃষ্টিপাত ও স্বাভাবিক জলবায়ু।
এর সরাসরি প্রভাব পড়বে কৃষিতে। সূর্যের আলো কমে গেলে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসলের উৎপাদন কমতে পারে। একই সঙ্গে সমুদ্রের তাপমাত্রা ও পরিবেশের পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হতে পারে মাছের উৎপাদনও। ফলে যুদ্ধের বাইরে থাকা দেশগুলোও খাদ্যসংকটে পড়তে পারে।
২০২২ সালের ১৫ আগস্ট বিজ্ঞানভিত্তিক সাময়িকী 'নেচার ফুড'-এ প্রকাশিত একটি গবেষণায় পারমাণবিক যুদ্ধের পর বৈশ্বিক খাদ্য উৎপাদনের সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকেরা জলবায়ু, কৃষি ও মৎস্য উৎপাদনের মডেল ব্যবহার করে এ বিশ্লেষণ করেন।
'গ্লোবাল ফুড ইনসিকিউরিটি অ্যান্ড ফেমিন ফ্রম রিডিউসড ক্রপ, মেরিন ফিশারি অ্যান্ড লাইভস্টক প্রোডাকশন ডিউ টু ক্লাইমেট ডিসরাপশন ফ্রম নিউক্লিয়ার ওয়ার সুট ইনজেকশন' শিরোনামের গবেষণাটিতে বলা হয়, পারমাণবিক বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলে ৫ টেরাগ্রামের বেশি ধোঁয়া বা কালি ছড়িয়ে পড়লে বিশ্বের প্রায় সব দেশেই বড় ধরনের খাদ্যসংকট দেখা দিতে পারে।
গবেষণার মডেল অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে দুই শতাধিক কোটি এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বড় ধরনের পারমাণবিক যুদ্ধ হলে ৫০০ কোটির বেশি মানুষের মৃত্যু হতে পারে। এগুলো গবেষণার নির্দিষ্ট পরিস্থিতিভিত্তিক মডেল থেকে পাওয়া অনুমান, নিশ্চিত ভবিষ্যদ্বাণী না।
অর্থাৎ, যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও কোনো দেশ পুরোপুরি বিপদমুক্ত থাকবে না।
২০২৩ সালের সেপ্টেম্বরে 'রিস্ক অ্যানালাইসিস' সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় পারমাণবিক শীতসহ সূর্যালোক কমিয়ে দিতে পারে এমন বড় বৈশ্বিক বিপর্যয়ে কোন দ্বীপরাষ্ট্রগুলো তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকতে পারে, তা বিশ্লেষণ করা হয়।
নিউজিল্যান্ডের গবেষক ম্যাট বয়েড ও নিক উইলসন 'আইল্যান্ড রিফিউজেস ফর সারভাইভিং নিউক্লিয়ার উইন্টার অ্যান্ড আদার অ্যাবরাপ্ট সানলাইট-রিডিউসিং ক্যাটাস্ট্রফিস' শিরোনামের গবেষণাটি পরিচালনা করেন।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, কৃষি উৎপাদন, জ্বালানি, অবকাঠামো, স্বাস্থ্যব্যবস্থা ও অন্যান্য সক্ষমতা বিবেচনায় গবেষণাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুকে তুলনামূলকভাবে বেশি সক্ষম হিসেবে চিহ্নিত করা হয়।
দেশগুলো কেন এগিয়ে, তা দেখে নেওয়া যাক।
১. অস্ট্রেলিয়া
পারমাণবিক যুদ্ধের পরও মানুষের টিকে থাকার সম্ভাবনার বিচারে সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা দেশগুলোর একটি অস্ট্রেলিয়া।
এর বড় কারণ দেশটির বিশাল ভূখণ্ড, কৃষি উৎপাদন এবং খাদ্যের উদ্বৃত্ত। নিজ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য রপ্তানি করে অস্ট্রেলিয়া। ফলে আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা ভেঙে পড়লেও দেশটির নিজস্ব খাদ্য সরবরাহ ধরে রাখার সুযোগ তুলনামূলক বেশি।
এ ছাড়া দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের মজুত, উন্নত স্বাস্থ্যব্যবস্থা এবং অবকাঠামো সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।
২০২৩ সালের গবেষণায় দেখা যায়, পারমাণবিক শীতের ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হলেও অস্ট্রেলিয়ার খাদ্য উৎপাদনের সক্ষমতা অন্য অনেক দেশের তুলনায় ভালো থাকতে পারে। গবেষণায় অন্তর্ভুক্ত দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে দেশটির খাদ্য উদ্বৃত্ত সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার ঝুঁকিও রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সামরিক সহযোগিতা, অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট 'অকাস' এবং দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনা সম্ভাব্য সংঘাতে কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষ করে দেশটির পাইন গ্যাপ গোয়েন্দা স্থাপনাটি গুরুত্বপূর্ণ। বড় ধরনের পারমাণবিক সংঘাতে এমন কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
অর্থাৎ, খাদ্য ও অবকাঠামোগত সক্ষমতায় অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও সামরিক অবস্থানের কারণে দেশটির ঝুকিও আছে।
২. নিউজিল্যান্ড
নিরাপদ আশ্রয়ের সম্ভাব্য তালিকায় নিউজিল্যান্ডের নামও রয়েছে।
দেশটির অন্যতম সুবিধা হলো ভৌগোলিক অবস্থান। বিশ্বের প্রধান সামরিক শক্তিগুলোর কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত নিউজিল্যান্ড। দেশটির জনসংখ্যাও তুলনামূলক কম। ফলে জনসংখ্যার অনুপাতে খাদ্য উৎপাদনের সক্ষমতা গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করতে পারে।
কৃষি ও পশুপালন নিউজিল্যান্ডের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। দুধ, মাংস ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে দেশটির ভালো সক্ষমতা রয়েছে।
২০২৩ সালের গবেষণায় দেখা যায়, ভয়াবহ পারমাণবিক শীতের পরিস্থিতিতেও নিউজিল্যান্ডের খাদ্য উৎপাদনের সক্ষমতা তুলনামূলক ভালো থাকতে পারে।
তবে দেশটির একটি বড় দুর্বলতা রয়েছে। আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জ্বালানি, যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও বিভিন্ন পণ্যের ক্ষেত্রে নিউজিল্যান্ড আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল।
গবেষকেরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক বাণিজ্য দীর্ঘ সময় বন্ধ থাকলে নিউজিল্যান্ডের জ্বালানি সরবরাহ ও শিল্প উৎপাদনব্যবস্থা বড় সংকটে পড়তে পারে।
অর্থাৎ, দেশটি খাদ্য উৎপাদনে ভালো অবস্থানে থাকলেও দীর্ঘমেয়াদি বিচ্ছিন্নতা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
৩. আইসল্যান্ড
ইউরোপের উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত আইসল্যান্ডও গবেষণায় সম্ভাব্য নিরাপদ দেশগুলোর একটি।
দেশটির জনসংখ্যা খুবই কম। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ভূতাপীয় ও জলবিদ্যুৎ শক্তির ব্যবহার আইসল্যান্ডকে বাড়তি সুবিধা দিয়েছে।
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশটি দীর্ঘদিন ধরে কাজ করছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়লেও বিদ্যুৎ উৎপাদনে কিছুটা সুবিধা পেতে পারে।
এ ছাড়া দেশটির চারপাশে সমুদ্র থাকায় মাছ একটি গুরুত্বপূর্ণ খাদ্যসম্পদ। পারমাণবিক শীতের সময় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও সামুদ্রিক খাদ্য কিছুটা সহায়তা করতে পারে।
২০২৩ সালের গবেষণায় বলা হয়েছে, পারমাণবিক শীতের একটি ভয়াবহ পরিস্থিতিতে ইউরোপের মূল ভূখণ্ডের অনেক দেশের তুলনায় আইসল্যান্ডের কৃষি উৎপাদনের ক্ষতি কম হতে পারে।
তবে দেশটিরও সীমাবদ্ধতা রয়েছে। মাছের উৎপাদন সমুদ্রের পরিবেশের ওপর নির্ভরশীল। পারমাণবিক যুদ্ধের পর সমুদ্রের পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে এই খাদ্যসম্পদও ঝুঁকিতে পড়তে পারে।
আরেকটি বিষয় হলো, আইসল্যান্ড ন্যাটোর সদস্য। ফলে ইউরোপ ও উত্তর আটলান্টিক অঞ্চলের বড় সামরিক সংঘাতের প্রভাব দেশটির ওপর পড়ার আশঙ্কা রয়েছে।
৪. সলোমন দ্বীপপুঞ্জ
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জ ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে।
দেশটির জনসংখ্যা কম। কৃষি, মাছ ধরা এবং প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে মানুষের জীবনযাপন। আধুনিক শিল্প ও প্রযুক্তির ওপর নির্ভরতা তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের পরও কিছু জনগোষ্ঠীর টিকে থাকার সুযোগ থাকতে পারে।
২০২৩ সালের গবেষণায় দেশটির খাদ্য উৎপাদন সক্ষমতাকে ইতিবাচকভাবে দেখা হয়েছে। বিশেষ করে প্রচলিত কৃষি ও মাছ ধরার ব্যবস্থা চালু রাখার সুযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে।
তবে দেশটির বড় দুর্বলতা অবকাঠামো ও জ্বালানি সক্ষমতা। আধুনিক চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ এবং প্রয়োজনীয় শিল্পপণ্য সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ হয়ে গেলে বড় সংকট দেখা দিতে পারে।
তাই প্রাকৃতিকভাবে টিকে থাকার সুযোগ থাকলেও আধুনিক রাষ্ট্রব্যবস্থা সচল রাখা সলোমন দ্বীপপুঞ্জের জন্য কঠিন হতে পারে।
৫. ভানুয়াতু
প্রশান্ত মহাসাগরের আরেকটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিক খাদ্য উৎপাদনের কারণে দেশটিও গবেষকদের নজরে এসেছে।
দেশটির মানুষের একটি বড় অংশ কৃষি, মাছ ধরা ও স্থানীয় উৎপাদনের ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা ভেঙে পড়লে স্থানীয় পর্যায়ে খাদ্য উৎপাদন চালিয়ে যাওয়ার কিছু সুযোগ থাকতে পারে।
২০২৩ সালের গবেষণায় সলোমন দ্বীপপুঞ্জের মতো ভানুয়াতুকেও পারমাণবিক শীতের মতো পরিস্থিতিতে তুলনামূলকভাবে সক্ষম দ্বীপরাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে জ্বালানি, আধুনিক চিকিৎসা, যোগাযোগ এবং শিল্প উৎপাদনে দেশটির সীমাবদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা বন্ধ হয়ে গেলে এসব খাতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
অর্থাৎ, বড় সামরিক সংঘাতের কেন্দ্র থেকে দূরে থাকার সুবিধা থাকলেও দীর্ঘমেয়াদে আধুনিক জীবনযাত্রা ধরে রাখা ভানুয়াতুর জন্য সহজ হবে না।
শুধু পারমাণবিক যুদ্ধ নয়, অন্যান্য বড় বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় কোন দেশ কতটা সক্ষম, তা নিয়েও নতুন গবেষণা প্রকাশিত হয়েছে।
২০২৬ সালের ২৩ আগস্ট 'নো প্লেস টু হাইড? রিজিওনাল রেজিলিয়েন্স অ্যান্ড ভালনারেবিলিটি টু গ্লোবাল ক্যাটাস্ট্রফিক রিস্ক' শিরোনামে একটি গবেষণা প্রকাশিত হয়।
গবেষণাটিতে পারমাণবিক শীত, মহামারি, সাইবার হামলা, অবকাঠামো বিপর্যয়, মহাকাশ থেকে আসা বড় বস্তু ও ভূচৌম্বকীয় ঝড়ের মতো বিভিন্ন বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় দেশগুলোর সক্ষমতা বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, বিভিন্ন ধরনের বিপর্যয় মোকাবিলায় অস্ট্রেলিয়া সবচেয়ে ভালো অবস্থানে থাকা দেশগুলোর একটি। ভৌগোলিক বিচ্ছিন্নতা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং শক্তিশালী অবকাঠামো দেশটিকে এগিয়ে রেখেছে।
তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, কোনো দেশই সব ধরনের বৈশ্বিক বিপর্যয়ের বিরুদ্ধে পুরোপুরি সুরক্ষিত নয়। এমনকি অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আন্তর্জাতিক সহযোগিতা ও বাণিজ্যব্যবস্থা সচল থাকা গুরুত্বপূর্ণ।
যুদ্ধের সময় নিরাপদ দেশের কথা উঠলে অনেকের মনে প্রথমেই আসে সুইজারল্যান্ডের নাম। দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষতা এবং বেসামরিক মানুষের জন্য আশ্রয়কেন্দ্র বা বাংকার তৈরির ব্যবস্থা দেশটিকে বিশেষ পরিচিতি দিয়েছে।
কিন্তু পারমাণবিক যুদ্ধের পর টিকে থাকার বিষয়টি শুধু সামরিক নিরপেক্ষতার ওপর নির্ভর করে না।
সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত। ফলে ইউরোপজুড়ে বড় ধরনের পারমাণবিক সংঘাত হলে তেজস্ক্রিয়তা, বায়ুমণ্ডলের পরিবর্তন, খাদ্য ও জ্বালানি সংকটের প্রভাব দেশটির ওপরও পড়তে পারে।
এ ছাড়া ২০২৩ সালের 'রিস্ক অ্যানালাইসিস' গবেষণায় সুইজারল্যান্ডকে ওই পাঁচ দ্বীপরাষ্ট্রের তালিকায় রাখা হয়নি।
দক্ষিণ আমেরিকার কিছু দেশও পারমাণবিক যুদ্ধের পর তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়।
বিশেষ করে উরুগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দেশগুলোর কৃষি উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য। এসব দেশের বিস্তৃত কৃষিজমি, খাদ্য উৎপাদন এবং কিছু ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বৈশ্বিক খাদ্যসংকটের সময় সুবিধা দিতে পারে।
তবে ২০২৩ সালের গবেষণায় এসব দেশকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ ও ভানুয়াতুর মতো একই পর্যায়ের সম্ভাব্য আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করা হয়নি।
গবেষকেরা বলেছেন, এসব দেশের ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, সীমান্ত দিয়ে মানুষের প্রবেশ, খাদ্য বিতরণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলোও বিবেচনা করা জরুরি।
তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশ সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তু হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে বড় ধরনের বৈশ্বিক সংঘাতের পর এর পরোক্ষ প্রভাব বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এর অন্যতম কারণ দেশের বিপুল জনসংখ্যা ও উচ্চ জনঘনত্ব। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রায় ১ হাজার ৩৩৩ জন। ফলে খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে বিপুলসংখ্যক মানুষের চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠতে পারে।
খাদ্যনিরাপত্তার ক্ষেত্রেও রয়েছে কিছু দুর্বলতা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অভ্যন্তরীণ গম উৎপাদন দেশের মোট চাহিদার ১০ শতাংশেরও কম। অর্থাৎ, গমের চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।
এ ছাড়া ভোজ্যতেল, ডাল ও চিনির মতো পণ্যের আমদানিতেও বিপুল অর্থ ব্যয় করতে হয়।
জ্বালানির ক্ষেত্রেও বাংলাদেশ আমদানির ওপর নির্ভরশীল। বিশ্বব্যাংকের ২০২৬ সালের এক তথ্যে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার চাহিদা মেটাতে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভর করে বাংলাদেশ। পাশাপাশি রাসায়নিক সারের অভ্যন্তরীণ উৎপাদন সীমিত হওয়ায় এ ক্ষেত্রেও আমদানির ওপর নির্ভরতা রয়েছে।
ফলে বড় ধরনের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে বাংলাদেশে খাদ্য, জ্বালানি ও কৃষি উপকরণের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
তবে এসব তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সরাসরি পারমাণবিক হামলার ঝুঁকিতে রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বরং বৈশ্বিক সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক ও সরবরাহ সংকটই বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয় হতে পারে।
কোনো দেশই কি পুরোপুরি নিরাপদ?
গবেষণাগুলোর বিশ্লেষণ থেকে একটি বিষয় পরিষ্কার—ভৌগোলিকভাবে দূরে থাকা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা কিংবা সামরিক নিরপেক্ষতা কোনো দেশকে শতভাগ নিরাপত্তা দিতে পারে না।
পারমাণবিক যুদ্ধ হলে তার প্রভাব সীমান্ত মানবে না। বায়ুমণ্ডলে ধোঁয়া ছড়িয়ে পড়লে জলবায়ু পরিবর্তিত হতে পারে, কমে যেতে পারে কৃষি উৎপাদন, ব্যাহত হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য। এমনকি শক্তিশালী অর্থনীতি ও উন্নত অবকাঠামোর দেশও খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে পারে।
তাই কোনো দেশের নিরাপত্তা বিচার করতে শুধু যুদ্ধক্ষেত্র থেকে তার দূরত্ব দেখলে হবে না। দেখতে হবে, দেশটি কতটা নিজের খাবার উৎপাদন করতে পারে, জ্বালানি সরবরাহ ধরে রাখতে পারে এবং দীর্ঘদিন আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারে।
প্রাসঙ্গিক: