
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ছয় বছরের শিশুকন্যা ও তার বাবার মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর শিশুকন্যার রক্তাক্ত মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার রামকৃষ্ণদী গ্রামে ঘটনাস্থলের পাশের একটি জমি থেকে শিশু তওবার (৬) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ঢাকার কেরানীগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেন (৪০) মারা যান। এর আগে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তারা হামলার শিকার হয়েছিলেন।
নিহত গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি সপরিবারে শ্বশুরবাড়ি লতব্দী গ্রামে থাকতেন। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদীর একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া জানান, বুধবার সন্ধ্যার আগে ইটভাটায় দাদা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে তওবা ও তার বাবা গোলাপ হোসেনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং শিশু তওবা নিখোঁজ হয়।
গুরুতর আহত অবস্থায় গোলাপ হোসেন দৌড়ে পালিয়ে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্বদেশ হাসপাতালে ভর্তি করেন। তবে মেয়ের বিষয়ে তিনি কিছু বলতে পারছিলেন না। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের পাশ থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় এবং দুপুরে হাসপাতালে গোলাপ হোসেনের মৃত্যু হয়।
নিহত গোলাপের শাশুড়ি তাসলিমা বেগম জানান, প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা ধারণা করছেন।
ওসি মো. আলাউদ্দিন মিয়া আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।