
স্পেন-বাংলাদেশ এক্সপোতে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৬

‘রাজন অন দ্য গো’-এর রাজন। ছবি: সংগৃহীত
রাজন বেঁচে আছেন, নাকি মারা গেছেন? কোথায় আছেন তিনি? কেমন আছেন? আবার কি ফিরবেন নিজের দেশে? সামাজিক যোগাযোগমাধ্যমে এখন হাজারো মানুষের মনে একই প্রশ্ন।
ফেসবুকজুড়ে রাজনের জন্য উদ্বেগ, উৎকণ্ঠা আর সুস্থভাবে ফিরে আসার প্রার্থনা। যে মানুষটা প্রতিদিন যুদ্ধের ময়দান থেকে অন্যের খবর দিতেন, আজ তার খবরই অজানা। তার একটি ভিডিও, একটি বার্তার অপেক্ষায় অসংখ্য মানুষ।
পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘রাজন অন দ্য গো’ নামে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি আর যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি।
একই সঙ্গে অন্য বাংলাদেশিরা যেন অর্থের প্রলোভনে পড়ে যুদ্ধে যোগ না দেন, সেই সতর্কবার্তাও দিয়েছেন বহুবার।
জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়ছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। জানান, সুস্থ থাকলে এক-দুই মাসের মধ্যে দেশে ফিরবেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে বার্তাও দেন।
কিন্তু ওই দিন সকাল ১১টায় দেওয়া ভিডিওবার্তার পর থেকেই আর কোনো খোঁজ নেই তার। পেরিয়ে গেছে প্রায় আট দিন। নেই নতুন কোনো পোস্ট, নেই ভিডিও, নেই সুস্থ থাকার খবর।
যে রাজন অন্যদের বিপদের খবর জানাতেন, আজ তার নিজের পরিণতি নিয়েই দুশ্চিন্তায় সবাই। ফ্রন্টলাইনে গিয়ে কি কোনো বিপদে পড়েছেন তিনি, নাকি যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খবর দিতে পারছেন না? এখনো এসব প্রশ্নের নিশ্চিত উত্তর মেলেনি। তার মৃত্যুর খবরও নিশ্চিত নয়।
রাজনের এই নীরবতা এখন অনেক মানুষের মনে উৎকণ্ঠা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার পুরোনো ভিডিও শেয়ার করছেন, কেউ করছেন সুস্থতার প্রার্থনা। অপেক্ষা করছেন, কখন আবার পরিচিত কণ্ঠে জানাবেন তিনি ভালো আছেন।
সবার চাওয়া একটাই—যুদ্ধের ময়দান থেকে আর কোনো মৃত্যুর খবর নয়, রাজনের কাছ থেকে আসুক বেঁচে থাকার বার্তা। নিরাপদে, সুস্থ শরীরে ফিরে আসুন নিজের দেশে, নিজের মানুষের কাছে। রাজন, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার অপেক্ষায় আছে অনেক মানুষ।