
রোহিঙ্গাদের প্রশ্নআইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি মিললেও বাস্তবে অধিকার ফিরবে কবে?
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২০:৫৯

শ্যামনগর থানা পুলিশের হেফাজতে আটক আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতা। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির একটি গোপন সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) এবং উপজেলার কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন ও আল আজিমসহ স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে আকস্মিকভাবে উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোল ও তাদের কর্মী-সমর্থকরা বঙ্গবন্ধু মার্কেটে উপস্থিত হন। সেখানে গোপন বৈঠক চলাকালে উপস্থিত লোকজন চারদিক থেকে ঘেরাও করে ইয়াছিন মোড়ল ও ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে রাখেন। এসময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ঘেরাওয়ের মুখে বৈঠকে উপস্থিত বিএনপির কিছু নেতাকর্মী কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন।
কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আটক দুজনকে মারধর শুরু করেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ওই দুই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জানান, দেশব্যাপী যখন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য শুরু করেছে, সেই সময়ে পতিত সরকারের নেতৃবৃন্দ বিএনপির সভায় থাকায় বিএনপির নেতাকর্মীদের দারুণভাবে মর্মাহত করেছে।
প্রাসঙ্গিক:
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, বিক্ষুব্ধ জনতা দুজনকে আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তারা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
এদিকে বুধবার দুপুর ও সন্ধ্যায় শরিফুল ইসলাম সোহাগ ও আবু বক্কর সিদ্দিক নামে যুবলীগ ও আওয়ামী লীগের আরও দুই নেতাকে আটক করা হয়।