
কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই তরুণের
বাংলাদেশ
সুজাউদ্দিন রুবেল
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ২:৪০

নিজেদের দেশে ফিরতে চান রোহিঙ্গারা। ছবি: সময় সংবাদ
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে বিচারিক স্বীকৃতি মিলেছে। গুরুত্ব পেয়েছে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তা, ক্ষতিপূরণ ও দায়ীদের জবাবদিহির বিষয়ও। তবে এই রায়ের পরও অনিশ্চিত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন। আদালতের নির্দেশনা কীভাবে বাস্তবায়িত হবে, আর কবে নিজ দেশে ফিরতে পারবেন বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর মানুষ?
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বসবাস করছেন ১২ লাখের বেশি রোহিঙ্গা। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হত্যা, নির্যাতন ও নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন তারা। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা এই জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি ছিল গণহত্যার বিচার, ন্যায়বিচার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।
২০১৯ সালে গাম্বিয়ার করা মামলার পর দীর্ঘ সাত বছরের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তাদের কাছে এই রায় শুধু গণহত্যার বিচারিক স্বীকৃতি নয়, বরং নিজেদের জাতিসত্তা ও পরিচয়ের স্বীকৃতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।
তবে রায় ঘোষণার পর নতুন করে সামনে এসেছে এর বাস্তবায়নের প্রশ্ন। গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি, ক্ষতিপূরণ, সম্পত্তি পুনরুদ্ধার এবং রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেয়ার পরিবেশ তৈরির বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতের রায় একটি বড় অগ্রগতি হলেও তা বাস্তব অধিকার নিশ্চিত করার শেষ ধাপ নয়।
বিচারিক স্বীকৃতির পরও বাকি অধিকার আদায়
রোহিঙ্গা নেতাদের মতে, আইসিজের রায় তাদের দীর্ঘদিনের পরিচয় সংকট নিরসনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বৈশিষ্ট্যসম্পন্ন একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। তাদের পরিচয় ও অস্তিত্বের স্বীকৃতি প্রতিষ্ঠায় এই রায় গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে থাকবে।
প্রাসঙ্গিক:
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সভাপতি মো. রফিক জানান, গত ৭০ বছর ধরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। দীর্ঘদিনের এই নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে তারা বিচারিক স্বীকৃতি পেয়েছেন। তবে বিচারপ্রক্রিয়া এখানেই শেষ নয়।
মো. রফিক বলেন, রোহিঙ্গারা যেন নিজ দেশে সব ধরনের অধিকার ও মর্যাদা নিয়ে ফিরে যেতে পারেন, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য রোহিঙ্গাদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নিজেদের অধিকার আদায় এবং দেশে ফেরার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নিজেদের উদ্যোগী না হলে অন্য কেউ এসে অধিকার প্রতিষ্ঠা করে দেবে না। আইসিজের স্বীকৃতিকে ভিত্তি করেই আগামী দিনে অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নিতে হবে।
মো. রফিকের ভাষায়, রোহিঙ্গাদের প্রধান দাবি এখন নির্যাতনের বিচার নিশ্চিত করা। যারা এই নির্যাতন চালিয়েছে, তাদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। একই সঙ্গে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন এবং নির্যাতনের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার আরেক সভাপতি সৈয়দ উল্লাহ (৪৩) বলেন, মিয়ানমার সরকারের পরিকল্পিত গণহত্যা ও রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের বিষয়টি আইসিজের রায়ে স্পষ্টভাবে উঠে এসেছে। তবে রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তা ও পরিচয়ের আন্তর্জাতিক স্বীকৃতি।
সৈয়দ উল্লাহর মতে, রোহিঙ্গারা বাঙালি নন; তারা মিয়ানমারের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি ও স্বতন্ত্র জাতিগত বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠী। আদালতের পর্যবেক্ষণে এই পরিচয়ের বিষয়টি উঠে আসা তাদের দীর্ঘদিনের দাবি ও অস্তিত্বের স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তবে এই অর্জনে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মনে করেন তিনি। তার মতে, রায় কার্যকর করা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে আরও জোরালো উদ্যোগ প্রয়োজন।
রায় বাস্তবায়নে শুধু বাংলাদেশ সরকার বা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে সৈয়দ উল্লাহ বলেন, সুশীল সমাজ, গণমাধ্যম, সরকারি সংস্থা, অধিকারকর্মী, রোহিঙ্গা সংগঠন ও নেতাদের মধ্যে সমন্বয় জরুরি।
তার মতে, রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈশ্বিক রাজনৈতিক স্বার্থের শিকার। বিভিন্ন পক্ষ নিজেদের স্বার্থে এই সংকটকে ব্যবহার করছে। ফলে আইসিজের রায় বাস্তবায়নের পথ সহজ হবে না। এ জন্য আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় অবস্থান ও কার্যকর নীতি গ্রহণ প্রয়োজন।
ক্ষতিপূরণ ও কূটনৈতিক তৎপরতার নতুন ক্ষেত্র
বিশেষজ্ঞদের মতে, আদালতের রায় কার্যকর করতে এখন বহুমুখী কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। মিয়ানমারের সঙ্গে আলোচনা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা প্রতিনিধি, বিভিন্ন দেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি।
শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, রায়ে প্রত্যাবাসনের বিষয়টি সরাসরি উল্লেখ করা না হলেও ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এই ক্ষতিপূরণ দেয়া হতে পারে, তা নিয়ে বিভিন্ন দিক বিবেচনার সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার জন্য দুই বছরের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
আসিফ মুনীরের মতে, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। রায়ের বিভিন্ন দিক কীভাবে মিয়ানমার বাস্তবায়ন করবে, তা নিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, রোহিঙ্গাদের পক্ষে এককভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া কঠিন। বিশ্বের বিভিন্ন দেশে রোহিঙ্গাদের প্রবাসী জনগোষ্ঠী থাকলেও তা সব সময় সুসংগঠিত নয়। তাই বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা প্রতিনিধি, বিভিন্ন দেশে বসবাসরত রোহিঙ্গা এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় সংগঠনগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।
আসিফ মুনীর আরও বলেন, আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও এই রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। গণহত্যার অভিযোগে একটি রাষ্ট্রকে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় জবাবদিহির মুখোমুখি করার এই ঘটনা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য অঞ্চলে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশের ভূমিকা
আইসিজের রায়কে রোহিঙ্গাদের জন্য নৈতিক বিজয় হিসেবে দেখছে বাংলাদেশও। তবে এই অর্জনকে কাজে লাগিয়ে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ। এ জন্য রোহিঙ্গাদের স্বেচ্ছায় দেশে ফেরার প্রস্তুতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ এবং মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, আইসিজের এই রায় নিঃসন্দেহে ঐতিহাসিক। আদালত স্পষ্টভাবে তুলে ধরেছেন, রোহিঙ্গাদের প্রতি যে অবিচার ও অন্যায় হয়েছে, তার বিচার ও প্রতিকার হওয়া প্রয়োজন।
এই রায়ের ফলে রোহিঙ্গা সংকট আবারও বিশ্বদরবারে নতুন করে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বড় শক্তিগুলোর কাছেও সংকটটি নতুনভাবে আলোচনায় আসার সুযোগ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের দীর্ঘদিনের পরিচয় সংকট এবং পরিচয়ভিত্তিক বৈষম্য ও রাজনীতির শিকার হয়ে নিজ দেশ ছাড়তে বাধ্য হওয়ার বিষয়টিও আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে।
মো. মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিজস্ব দেশ ও সেখানে ফিরে যাওয়ার অধিকারের বিষয়টি এই রায়ের মাধ্যমে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে প্রত্যাবাসনের ব্যাপারে তাদের মধ্যে নৈতিক শক্তি ও আত্মবিশ্বাস তৈরি হবে।
তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রায়কে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়। এ ক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠী, বাংলাদেশ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমার—সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের করণীয় হলো, রায়ের ফলে রোহিঙ্গাদের মধ্যে তৈরি হওয়া ইতিবাচক চেতনাকে কাজে লাগানো এবং তাদের স্বেচ্ছায় ও নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করা। পাশাপাশি রায় বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা এবং মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।
রায় থেকে বাস্তব অধিকারের অপেক্ষা
আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন গুরুত্ব দিয়েছে। গণহত্যার বিচারিক স্বীকৃতি, জাতিসত্তার পরিচয় এবং ক্ষতিপূরণের প্রশ্নে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু এসব স্বীকৃতি বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করছে রায়ের কার্যকর বাস্তবায়নের ওপর।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শুধু বিচারিক স্বীকৃতি দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। দায়ীদের জবাবদিহি, ক্ষতিপূরণ, অধিকার ও সম্পত্তি পুনরুদ্ধার এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন আন্তর্জাতিক চাপ, ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা এবং রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ অবস্থান।
রোহিঙ্গাদের জন্য তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন—আদালতের রায়ে যে ন্যায়বিচারের স্বীকৃতি মিলেছে, তা বাস্তবে অধিকার হয়ে ফিরবে কবে? আর কবে তারা নিজেদের পরিচয়, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে ফিরতে পারবেন জন্মভূমি মিয়ানমারে?