
পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অপু বণিক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭

সিলেটের বিয়ানীবাজারে মাত্র চার কিলোমিটার সড়ক। অথচ এই পথের দুর্ভোগ যেন অন্তহীন। এক যুগেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে আছে মুরাদগঞ্জ-গডাউনবাজার-বারইগ্রাম সড়ক। কোথাও উঠে গেছে পিচঢালাই, কোথাও বেরিয়ে পড়েছে ইট-সুরকি। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের চালকেরা।
প্রায় ১৫ বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও কার্যকর সমাধান না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। তবে সড়কটির সংস্কারে টেন্ডার কার্যক্রম শেষ হয়েছে জানিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
মুরাদগঞ্জ থেকে গডাউনবাজার হয়ে বারইগ্রাম পর্যন্ত বিস্তৃত প্রায় চার কিলোমিটার সড়কটি বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বিকল্প সংযোগ পথ। স্থানীয়ভাবে যোগাযোগ, ব্যাবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতে সড়কটির গুরুত্ব থাকলেও দীর্ঘদিনের সংস্কারহীনতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন অংশ।
সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে বেরিয়ে পড়েছে ইট-সুরকি। কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত, আবার কোথাও ভাঙাচোরা অংশ এড়িয়ে চলতে গিয়ে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। এতে একদিকে বাড়ছে যাতায়াতের সময়, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিয়মিত চলাচলের কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও রয়েছে চালকদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু বারবার আশ্বাস পেলেও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। ফলে জরুরি প্রয়োজনে যাতায়াত, পণ্য পরিবহন ও দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে সড়কটি ব্যবহারকারী লাউতা ও আশপাশের এলাকার বাসিন্দাদের দুর্ভোগ দীর্ঘস্থায়ী হয়েছে।
শুধু সংযোগ সড়ক নয়, স্থানীয়দের দাবি, বিয়ানীবাজার পৌরসভার সংশ্লিষ্ট দুটি ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থাও নাজুক। ফলে প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার সড়ক পর্যন্ত চলাচলে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে মানুষকে। দীর্ঘদিনের এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও। তাদের মতে, জনগুরুত্বপূর্ণ এই সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। তাই দ্রুত সংস্কারকাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা জরুরি।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মজুমদার সময় সংবাদকে জানান , মুরাদগঞ্জ-গডাউনবাজার-বারইগ্রাম আন্তঃইউনিয়ন সড়ক সংস্কারের টেন্ডার কার্যক্রম শেষ হয়েছে। কিছু কারণে কাজের অগ্রগতিতে বিঘ্ন ঘটলেও দ্রুত সংস্কারকাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান চান এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংস্কারের আশ্বাস যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। দ্রুত কাজ শুরু ও মানসম্মত সংস্কারের মাধ্যমে সচল হবে গুরুত্বপূর্ণ এই সংযোগপথ, কমবে যাতায়াতের ভোগান্তি এবং বাড়বে এলাকার মানুষের যোগাযোগের সুবিধা।