
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
বুলবুল রেজা
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন ডাকাতদের অভয়ারণ্য।
ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন ডাকাতদের অভয়ারণ্য। পুলিশের তালিকায়ই রয়েছে ৩১টি ব্ল্যাক স্পট, বাস্তবে যা আরও বেশি। অথচ এসব মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের নেই পর্যাপ্ত জনবল ও যানবাহন। অধিকাংশ থানা চলছে ভাড়া করা বা রিকুইজিশন করা লেগুনায়, যা দিয়ে অপরাধীদের ধাওয়া করাও কঠিন।
চট্টগ্রামের মিরসরাই হাইওয়ে এলাকায় গত ২৭ অক্টোবর দিবাগত রাত ৪টার দিকে লেগুনা দিয়ে টহল দিতে দেখা যায় জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে। সব যানবাহন দ্রুতগতিতে ছুটলেও টহল টিমের গতি দেখা যায় ধীর।
টহল টিমের ইনচার্জ বলছেন, থানার গাড়িটি নষ্ট। তাই রিকুইজিশন করা লেগুনা দিয়ে চলছে কার্যক্রম।
হাইওয়ে পুলিশের কার্যক্রম দিয়েই শুরু সময় সংবাদের অনুসন্ধান। কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাত ১০টার দিকে দেখা যায়, টহল টিম প্রস্তুতি নিচ্ছে মহাসড়কে ডিউটির। এখানেও একই অবস্থা। সরকারি গাড়িটি নষ্ট। এই গাড়ি দিয়ে ডাকাতদের ধাওয়া করা সম্ভব নয়।
পরের গন্তব্য ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানা। এখানকার ইনচার্জ জানান, ডাকাতপ্রবণ এলাকায় নিয়মিত টহল দেন তারা।
প্রায় ৩০ মিনিট খোঁজার পর পাওয়া গেল টহল টিমকে। এখানে সমস্যা গাড়ির না, তেলের। টহলের জন্য প্রতিদিন বরাদ্দ মাত্র ৮ লিটার, যা দিয়ে আওতাধীন এলাকা সারারাত টহল দেয়া সম্ভব নয়।
গরুবোঝাই ট্রাক ডাকাতদের অন্যতম টার্গেট। মেঘনা টোলপ্লাজায় ওঠার আগে মাস খানেক আগে একটি ট্রাক থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।
এই মহাসড়কে একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এমন একাধিক চালকের সঙ্গে কথা হয় সময় সংবাদের।
দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে কথা হয় কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে। তারা জানান, রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কগুলোতে ওত পেতে থাকে ডাকাতরা। টার্গেট প্রবাসী ও বিয়ের গাড়ি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটে কুমিল্লায়। জেলায় স্পট অন্তত ৯টি। চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে স্পট অন্তত ৭টি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ও রামু উপজেলায় ৮টি স্পটে প্রায়ই হয় ঢাকাতি। গত ১৬ অক্টোবর ঈদগাঁও এলাকায় হয়েছে গণডাকাতির ঘটনাও।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলছেন, তালিকা ধরে ডাকাতদের গ্রেফতারে চালানো হচ্ছে নিয়মিত অভিযান।
হাইওয়ে পুলিশ বলছে, ডাকাতির ৩১টি ব্ল্যাক স্পষ্ট চিহ্নিত করা হয়েছে। লোকবল ও লজিস্টিকের ঘাটতির কথা স্বীকার করলেন হাইওয়ে পুলিশের (কুমিল্লা অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা।
এই কর্মকর্তা বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কুয়াশার কারণে মহাসড়কে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। গত পাঁচ বছরে যেসব স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, স্থানীয় থানাগুলোর কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করে প্রায় ৩১টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।
তবে জনবল ও লজিস্টিক সংকটের কথা স্বীকার করে তিনি জানান, স্থানীয় থানা ও জেলা পুলিশের সহায়তায় এসব এলাকা ভাগ করে নিয়ে মহাসড়কে অপ্রীতিকর ঘটনা রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ১৬ কিলোমিটার মহাসড়কও ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে।