
পুকুরে মিললো সাবেক ইউপি সদস্যের মরদেহ
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৮:২৮

বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের বিশাল ক্রেনের একটি অংশ হঠাৎ ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় জাহাজের পাশাপাশি বিআইডব্লিউটিএর একটি বার্জও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে ক্রেনের সামনের অংশটি ভেঙে পড়েছে।
জাহাজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের নিয়মিত মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন পরিচালনার প্রস্তুতি নেয়া হয়। কাজ শুরু করার মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ক্রেনটি নিচের দিকে নামানোর সময় হঠাৎ এর সামনের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। বিষয়টি জানাজানি হলে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষতিগ্রস্ত জাহাজ ও ক্রেন উদ্ধারের উদ্যোগ নেন।
উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর জানান, প্রতি সপ্তাহের মতো নির্ধারিত কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় আকস্মিকভাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার সময় জাহাজের একজন কর্মী আতঙ্কিত হয়ে জ্ঞান হারান। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্রেন ও জাহাজ উদ্ধারে কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। এজন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে ভেঙে পড়া ক্রেনের আঘাতে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ বা পন্টুন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’কে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। জাহাজটির উদ্ধার কার্যক্রম পরিচালনার ধারণক্ষমতা ২৫০ টন। বড় ধরনের নৌদুর্ঘটনা ছাড়া সাধারণত জাহাজটি নিয়মিত চলাচল করে না।