
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ হেডকোয়ার্টার্স
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৮:৪৭

নিহত কাজী মো. ইউসুফ হোসেন। ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে কাজী মো. ইউসুফ হোসেন (৪০) নামে এক ইসলামী সংগীত শিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বালু ওঠানো-নামানো নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত কাজী মো. ইউসুফ উপজেলার কনকাপৈত বাজারসংলগ্ন কনকাপৈত দক্ষিণপাড়ার বাসিন্দা। এলাকায় ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত ইউসুফ সম্প্রতি জীবিকার তাগিদে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই থেকে তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু ওঠানো-নামানো নিয়ে একটি ট্রাক্টরের চালকের সঙ্গে ইউসুফের বাগবিণ্ডতা হয়। ট্রাক্টরটি বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের বলে জানা গেছে। ওই ঘটনার জেরে আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজার এলাকায় না যাওয়ার জন্য হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
স্বজনদের অভিযোগ, সোমবার সকালে ইউসুফ আমজাদের বাজারে গেলে ফারিহা এন্টারপ্রাইজ এলাকায় আবুল কালাম আজাদ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে খবর পেয়ে স্বজনেরা ইউসুফকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘ইউসুফ হোসেন নামে অসুস্থ এক ব্যক্তিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।’
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ট্রাক্টরে বালু ওঠানো-নামানো নিয়ে কাজী ইউসুফের সঙ্গে এক ব্যক্তির বাক্বিতণ্ডা হয়েছিল। সোমবার সকালে আমজাদের বাজারে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।