
নির্বাচনে সাড়ে ৯ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন লজ্জাজনক: সিইসি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪

তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সময় সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষে এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, সবার সহযোগিতায় তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।
ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ ছাড়া এসআরবি সদস্য ১৯০ জন, আনসার সদস্য ২ হাজার ৪৬০ জন এবং পুলিশ সদস্য ২ হাজার ২৭২ জন দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে ২৪টি মোবাইল টিম, বিজিবির ২১ প্লাটুন সদস্য, ১২টি ড্রোন এবং তিনটি ডগ স্কোয়াড।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম জানান, ১৮৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।