
পর্যটকে প্রাণ ফিরেছে সেন্টমার্টিনে, স্বস্তিতে দ্বীপবাসী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৪:৩১

সার পাচারের অভিযোগে রাতের আঁধারে আটক করা হয় ডিলার গোলাম শাহনেওয়াজ এবং নসিমন চালক মো. মতিনকে।
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবৈধভাবে সার পাচারের চেষ্টার অভিযোগে বিসিআইসি সার ডিলার ও এক নসিমনচালককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা যায়, রাতের আঁধারে সার পাচারের অভিযোগে বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ এবং নসিমন চালক মো. মতিনকে আটক করা হয়। এসময় ৮০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে আদালত গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপরদিকে, নসিমনচালক মো. মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়েছে।
এছাড়াও ডিলার গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।