
পারশার স্বামী কী ব্লগার আসাদ নূর?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯

বার্সেলোনায় সেরা ‘রইদ’, বিশেষ স্বীকৃতি পেল ‘দেলুপি’। ছবি: সংগৃহীত
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। এবার স্পেনের এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। প্রেক্ষাগৃহে মুক্তির পরও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা দুটির এমন সাফল্যে উচ্ছ্বসিত সংশ্লিষ্ট কলাকুশলীরা।
উৎসবের এবারের আসরে অফিশিয়াল সিলেকশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘রইদ’। অন্যদিকে, আদার ন্যারেটিভ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে ‘দেলুপি’।
‘রইদ’-এর জন্য এটি নতুন কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নয়। এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কার জিতেছিল সিনেমাটি। শুধু তাই নয়, আগামী বছর অনুষ্ঠেয় অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও নির্বাচিত হয়েছে ছবিটি।
সাদু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান নিয়ে নির্মিত হয়েছে ‘রইদ’। প্রেম, নীরবতা ও মানবজীবনের চিরন্তন অনুভূতি সিনেমাটির মূল উপজীব্য। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম দিয়ে সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। পরে কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ‘দেলুপি’র অর্জনও কম নয়। এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় স্পেশাল মেনশন পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে সিনেমাটির ঝুলিতে যুক্ত হলো নতুন স্বীকৃতি। এখন পর্যন্ত দেশের বাইরের ১০টি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি। এটি সিনেমাটির দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার। এর আগে উত্তর আমেরিকার তাসভীর চলচ্চিত্র উৎসবে ‘দেলুপি’র অভিনেতা চিরনজিৎ বিশ্বাস সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন।
মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ নির্মিত হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্প নিয়ে। রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম এবং জীবন বদলে দেওয়ার আকাঙ্ক্ষা উঠে এসেছে সিনেমাটিতে। এর বিশেষত্ব হলো, ছবির অভিনয়শিল্পীদের সবাই খুলনার স্থানীয় বাসিন্দা। গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
উল্লেখ্য, ‘দেলুপি’র নির্মাতা তাওকীর ইসলাম এর আগে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন।