
ডেটা সেন্টারে বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৪

সবজি ও মাছের ফাইল ছবি
বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে গত সপ্তাহের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি ও শিমের মতো শীতের সবজি এখন তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। তবে মাছের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। সরবরাহ কম থাকায় রুই, পাঙাশ ও কৈ মাছের দাম বেড়েছে। অন্যদিকে লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমলেও সোনালী ও ব্রয়লার মুরগির দাম রয়েছে অপরিবর্তিত।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল ৪০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও শিমের মতো সবজি এখন আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা শাহবুদ্দিন বলেন, ‘শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এ কারণে ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ বেশ কিছু সবজির দাম কমেছে।’
সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এবার বেশ কিছু সবজির দাম কমেছে। বিশেষ করে শীতের সবজি কম দামে পাওয়া যাচ্ছে। তবে বাজারে সব পণ্যের দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে।’
মাছের বাজারে অবশ্য কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বর্তমানে রুই মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩২০ থেকে ৩৪০ টাকা দরে। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ২০ টাকা। কাতলা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা এবং তেলাপিয়া ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঙাশ মাছের দাম ১০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা এবং কৈ মাছের দাম ২০ টাকা বেড়ে ২২০ টাকা কেজি হয়েছে।
মাছ বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ কম থাকায় কয়েক ধরনের মাছের দাম বেড়েছে। বিশেষ করে রুই, পাঙাশ ও কৈ মাছের দাম আগের তুলনায় বেশি।
মুরগির বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা এবং সোনালী মুরগি ৩২০ টাকা দরে। এ দুই ধরনের মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। তবে লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে দাঁড়িয়েছে ৩৩০ টাকায়।
অন্যদিকে, ডিমের বাজারে দামের কোনো পরিবর্তন নেই। বর্তমানে লাল ডিম ডজনপ্রতি ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে দুই ধরনের ডিম।