
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ
অর্থ-বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৫৮

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: ভিডিও থেকে নেয়া
জামানতবিহীন ঋণের পরিমাণ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভবনে উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
বিসিকের অবদান দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২৫ শতাংশ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই অবদান ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রতিবছর দেশের শ্রমবাজারে নতুন করে প্রায় ২২ লাখ মানুষ প্রবেশ করছেন। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ জরুরি।’
তিনি আরও বলেন, ‘বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি, যা এ কর্মসূচির সফলতার প্রমাণ।’
আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিক ও এসএমই খাতের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে সরকারের।’
অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে একযোগে ৫১১ জন শিল্প উদ্যোক্তার মধ্যে ১৪ কোটির বেশি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৭৬ জন নতুন উদ্যোক্তাকে দেওয়া হয়েছে ৬ কোটি ৭১ লাখ টাকা।
আগামী পাঁচ বছরে চলমান তিনটি ঋণ কর্মসূচির আওতায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিসিক।
প্রাসঙ্গিক: