
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের

গত ১৫ মার্চ থেকে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৪০ জনে। প্রতীকী ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৩২ শিশু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও সাত শিশু মারা গেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম ও খুলনায় ২ জন করে এবং ঢাকা ও বরিশালে ১ জন করে সন্দেহজনক হামে মারা গেছেন। এ সময়ে ঢাকায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও একজনের।
২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং চট্টগ্রামে ২৪৮ জন। এছাড়া সিলেটে ১০৮ জন, রাাজশাহীতে ৪১, ময়মনসিংহে ৮৩, বরিশালে ১১৬, খুলনায় ৯৬ ও রংপুরে ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা ৬৩ জন (যা শুধু ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে)।
এ সময়ে হাম রোগীদের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২৩ হাজার ৫৪১ জন।
এ সময়ে হাম সন্দেহে মোট মারা গেছে ১ হাজার ৩৫ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। একই সময়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন।