
দিল্লিজুড়ে ব্যাপক ধরপাকড়: আটক প্রায় ৫ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৬:৩৪

অরবিন্দ কেজরিওয়াল। সংগৃহীত ছবি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মাঝে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) লোধি এস্টেটে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়ার আগে একটি বাস থেকে ভিডিও প্রকাশ করেন কেজরিওয়াল। সেখানে তিনি দাবি করেন, দিল্লি পুলিশ তাকে, এএপি নেতা সঞ্জয় সিং এবং দলের আরও কয়েকজন নেতাকে আটক করেছে। এ সময় বাসে থাকা বিক্ষোভকারীদের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, যন্তর মন্তরে সিইসির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দেয়ার কিছুক্ষণ পরই কেজরিওয়ালকে আটক করা হয়। এ নিয়ে সাবেক ৪ মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছে। আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা।