
‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: চিকিৎসা চেয়ে বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি
আন্তর্জাতিক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:১৮

জেমাইমা গোল্ডস্মিথ ও রাসেল ব্র্যান্ড। ছবি: সংগৃহীত
ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের অভিযোগ করেছেন তার এক সময়ের প্রেমিকা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।
তিনি অভিযোগ করেছেন যে, রাসেল ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক চলাকালে ব্র্যান্ড তার ওপর ‘সহিংসতা, জোর-জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতন’ চালিয়েছিলেন। ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ডের পর তাকে নিয়ে মুখ খোলেন জেমাইমা।
জেমাইমা যুক্তরাজ্যের প্রয়াত ধনকুবের ব্যবসায়ী স্যার জেমস গোল্ডস্মিথের মেয়ে এবং সাবেক কনজারভেটিভ সরকারের মন্ত্রী জ্যাক গোল্ডস্মিথের বোন।
পেশায় একজন টিভি ও চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার জেমাইমা ১৯৯৫ সালে মাত্র ২১ বছর বয়সে পাকিস্তানের অবসরপ্রাপ্ত ক্রিকেটার ইমরান খানকে বিয়ে করেন, যিনি পরবর্তীতে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমরান খান ও জেমাইমার ঘরে কাসিম খান ও সুলাইমান খান নামে দুই ছেলে জন্ম নেয়। ৯ বছর পর ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমাইমার ব্রিটিশ ও পাকিস্তানি—উভয় দেশেরই নাগরিকত্ব রয়েছে। তবে তিনি দুই ছেলেসহ নিজের দেশ যুক্তরাজ্যে থাকেন।
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০১৪ সালের দিকে রাসেল ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কে জড়ান জেমাইমা। সেই সম্পর্ক মাত্র এক বছরের মতো টিকেছিল। সম্প্রতি রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগ ওঠে।
প্রাসঙ্গিক:
গত সোমবার (৯ নভেম্বর) ৫১ বছর বয়সি ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০০৯ সালে নিজ বাড়িতে এক নারীকে ধর্ষণের পাশাপাশি আরও তিন নারীর ওপর যৌন নিপীড়নের তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এরপরই রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ আনলেন জেমাইমা। তিনি বলেছেন, ২০১৪ সালে তার সঙ্গে এক সহিংস ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ে ব্র্যান্ডকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তাকে পুলিশ ডাকতে হয়েছিল। তবে তখন তিনি মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ না করার সিদ্ধান্ত নেন।
কারণ হিসেবে তিনি বলেন, ‘সে সময় আমার কিশোর বয়সি সন্তানদের ওপর সংবাদমাধ্যমের অতিরিক্ত মনোযোগ কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম।’
সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আদালতে নারীরা যে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন, তার তুলনায় আমার কষ্ট কিছুই নয়। তবে এটা ছিল আমার জীবনের একটি কঠিন সময়, যার প্রভাব এখনো রয়ে গেছে।’
গোল্ডস্মিথ জানান, ২০১৪ সালের পর থেকে রাসেল ব্র্যান্ডের সঙ্গে তার আর দেখা বা কথা হয়নি। তবে ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা সাংবাদিকদের তিনি সহযোগিতা করেছিলেন বলে দাবি করেন। তার বিরুদ্ধে মামলা করা হলে ব্র্যান্ডের ‘নির্যাতনমূলক আচরণের’ বিষয়ে সাক্ষ্য দিতেও তিনি প্রস্তুত ছিলেন।
নিজের বিবৃতিতে ২০১৫ সালের অক্টোবরে ব্র্যান্ড ও তার বিরুদ্ধে নেওয়া একটি আদালতের নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন গোল্ডস্মিথ। ওই নিষেধাজ্ঞার মাধ্যমে সিলভিয়া বারকি নামের এক নারীকে তাদের হয়রানি করা থেকে বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এর মধ্যে গোল্ডস্মিথের বাড়িতে ব্র্যান্ডের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলাও অন্তর্ভুক্ত ছিল। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল এর আগের বছর।
সোমবার গোল্ডস্মিথ জানান, ২০১৪ সালের ৭ জুন ব্র্যান্ডকে ম্যাসাজ সেবা দিতে বারকি প্রায় ৩০ মিনিটের জন্য তার বাড়িতে এসেছিলেন। তবে বারকি সেখানে পৌঁছানোর পর শেষ পর্যন্ত ম্যাসাজ সেবাটি আর হয়নি।
গোল্ডস্মিথের ভাষ্য, পরে বারকি পুলিশকে জানিয়েছিলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ব্র্যান্ড তার পিঠে ধাক্কা দিয়েছিলেন এবং গোল্ডস্মিথের পোষা কুকুর তাকে আক্রমণ করেছিল। তবে ব্র্যান্ডের সাবেক প্রেমিকা গোল্ডস্মিথের দাবি, ওই সময় তিনি ‘সন্দেহজনক কিছুই দেখেননি’।
তিনি আরও জানান, পুলিশকে নিজের বক্তব্য ও বাড়ির সিসিটিভি ফুটেজ দেওয়ার পর তদন্ত শেষে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা করার মতো কোনো উপাদান পাওয়া যায়নি।
গোল্ডস্মিথ অভিযোগ করেন, এরপর বারকি তাকে একের পর এক ‘বিদ্বেষপূর্ণ ইহুদিবিদ্বেষী ও হুমকিমূলক’ বার্তা পাঠাতে থাকেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ‘ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ’ প্রকাশ করেন।
তিনি বলেন, পরে ব্র্যান্ডের আইনজীবীর পরামর্শে হয়রানি বন্ধে আদালতের নিষেধাজ্ঞা নেওয়ার বিষয়ে সম্মত হন। তবে সম্প্রতি সংবাদমাধ্যমে ওই নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অনলাইনে তাকে ‘জঘন্য ঘৃণা ও নির্যাতনের’ মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন গোল্ডস্মিথ।
২০২৩ সালে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে যুক্ত ছিলেন সানডে টাইমসের প্রধান সংবাদদাতা রোজামুন্ড আরউইন। তিনি বিবিসিকে বলেন, গোল্ডস্মিথ তাকে ‘অনেকভাবে’ সহযোগিতা করেছিলেন।
আরউইন বলেন, ‘অনলাইনে তার ওপর যে নির্যাতন চলছে, তা আমি দেখেছি। আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, ঘটনার একটি অংশ তাঁদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল।’
তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছা, মানুষ যেন মনে রাখেন, যেসব নারী সামনে এসে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন, তারা সাহসী। আর আজ রাতে রাসেল ব্র্যান্ড তার সঙ্গে কেমন আচরণ করেছিলেন, তা প্রকাশ্যে বলে তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন।’
তথ্যসূত্র: বিবিসি