
প্রথম মুসলিম মার্কিন সিনেটর হতে যাওয়া কে এই আবদুল এল-সায়েদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৯:২১

গত আগস্টে ডেমোক্র্যাটদের সিনেট প্রার্থী বাছাইয়ের প্রাইমারিতে আবদুল এল-সাইয়েদের কাছে হেরে যান হ্যালি স্টিভেন্স। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির এক কংগ্রেস সদস্য। মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স।
রোববার (১ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ডেমোক্র্যেট শিবিরে নতুন করে রাজনৈতিক বিরোধ দেখা দিয়েছে।
গত আগস্টে ডেমোক্র্যাটদের সিনেট প্রার্থী বাছাইয়ের প্রাইমারিতে আবদুল এল-সাইয়েদের কাছে হেরে যান স্টিভেন্স। যদিও নিজ দলের মনোনয়ন পাওয়া এল-সাইয়েদকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। গত বুধবারও বলেছিলেন, তিনি চান এল-সাইয়েদ নির্বাচনে জয়ী হোন।
ইসরাইল ইস্যুতে দুই ডেমোক্র্যাট নেতার মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যেই স্টিভেন্সের এ অবস্থান পরিবর্তন এলো। কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে যখন ডেমোক্র্যাটরা লড়ছে, তখন তার এ সিদ্ধান্ত দলটির ভেতরে সমালোচনার জন্ম দিয়েছে।
হ্যালি স্টিভেন্স মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য। গত আগস্টে দলটির সিনেট প্রার্থী বাছাইয়ের প্রাইমারিতে সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সাইয়েদের কাছে অল্প ব্যবধানে হেরে যান। নির্বাচিত হলে এল-সাইয়েদ হবেন যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য।
প্রাইমারিতে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও এল-সাইয়েদকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টিভেন্স। তবে তার বাগ্দত্তা জেসন টার্কিশ গত বুধবারই ঘোষণা দেন, তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে ভোট দেবেন।
ইহুদি ডেমোক্র্যাট ও নাগরিক অধিকারবিষয়ক আইনজীবী টার্কিশ এল-সাইয়েদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ তোলেন। তার দাবি, ইসরাইল ও গাজায় দেশটির যুদ্ধ নিয়ে এল-সাইয়েদের বক্তব্যে ইহুদি ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের (এফইসি) নথি অনুযায়ী, চলতি মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রার্থীদের প্রায় আড়াই লাখ ডলার অনুদান দিয়েছেন টার্কিশ। এর মধ্যেই রোববার স্টিভেন্স নিজের অবস্থান পরিবর্তন করলেন।
এদিকে স্টিভেন্সের সমর্থন পরিবর্তনের বিষয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আইওয়াতে এক নির্বাচনী প্রচারের সময় দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি অত্যন্ত খুশি হবেন যদি ডেমোক্র্যাটিক প্রতিনিধি হেইলি স্টিভেন্স দল পরিবর্তন করে রিপাবলিকান পার্টিতে যোগ দেন।
অন্যদিকে মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ার কার্টিস হার্টেল জানিয়েছেন, হ্যালি স্টিভেন্স এখন আর দলের সঙ্গে যুক্ত নন।
তিনি বলেন, কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স ‘ডেমোক্র্যাটিক পার্টিকে পরিত্যাগ করেছেন, তিনি এখন আর মিশিগান অঙ্গরাজ্যের দলীয় কাঠামোর সদস্য নন।
ডেট্রয়েটে সাংবাদিকদের কাছে হার্টেল আরও বলেন, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানিয়ে স্টিভেন্স ডেমোক্র্যাটিক সমর্থকদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।
সূত্র: আল জাজিরা