
কোরআনে এআই নেই কেনো? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক
ধর্ম
ইসলাম ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৩:২৭

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে মহাসম্মেলন।
কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। সম্মেলনে সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা, কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য সংরক্ষণ, ধর্মীয় শিক্ষার প্রসারসহ বিভিন্ন বিষয়ে সাত দফা দাবি পেশ করেন আলেমরা।
বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী (হাফি.)। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা খলীল আহমদ কুরাইশী, আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন, আল্লামা মামুনুল হক, মাওলানা মুসআব মাদানী, মাওলানা হাসান জামীল ও মাওলানা আনীছুর রহমান আশরাফী প্রমুখ। সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস (হাফি.) সাত দফা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সম্মেলনে আল্লামা মামুনুল হক সাহাবায়ে কেরামের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসার অপরিহার্যতা তুলে ধরেন। তিনি বলেন, সাহাবায়ে কেরামের প্রতি মোহাব্বত রাখা ঈমানের অপরিহার্য দাবি। সাহাবাদের প্রতি বিদ্বেষী মনোভাব পোষণ করে ইসলাম কায়েম করা সম্ভব নয়। বরং পরিপূর্ণ দ্বীন কায়েম করতে হলে সাহাবায়ে কেরামের দেখানো পথেই অগ্রসর হতে হবে।
তিনি হজরত উসমান (রা.)-এর খেলাফতকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার সমালোচনা করে বলেন, ‘হজরত উসমান রা.-এর খেলাফতকে ইনিয়ে-বিনিয়ে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা হয় ইসলামের দুশমন, আর না হয় গণ্ডমূর্খ।’
সমঝোতা ও পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সমপর্যায়ের লোকেরা শান্তিপূর্ণ অবস্থান তৈরিতে সমঝোতা চান। কিন্তু সমঝোতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন না। কারণ, এমন পরিস্থিতিতে মালিকপক্ষ তাদের চাটুকার মনে করতে পারেন। আর চাটুকারদের মালিকপক্ষ কখনো সমপর্যায়ের মনে করেন না; বরং গোলাম মনে করেন।
সম্মেলনে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ, কওমি মাদ্রাসার ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি উল্লেখযোগ্য। পাশাপাশি দাওরায়ে হাদিসের সনদের মাস্টার্স সমমান স্বীকৃতির যথাযথ মূল্যায়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানানো হয়।
প্রাসঙ্গিক:
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা এবং প্রতিটি বিদ্যালয়ে অন্তত একজন ইসলাম ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিও পেশ করা হয়। এ ছাড়া কাদিয়ানি সম্প্রদায়ের ধর্মীয় পরিচয়সংক্রান্ত অবস্থান নিয়ে সংগঠনের দাবি বাস্তবায়ন এবং হিজবুত তাওহীদ নামক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।
কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবি তোলেন বক্তারা। একই সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের যানজট নিরসন ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে গৃহীত উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোবারকবাদ জানানো হয়। নগরীকে যানজট ও জলাবদ্ধতামুক্ত, নিরাপদ এবং বসবাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বানও জানান তারা।
বক্তারা ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আদর্শ সমাজ গঠনে কওমি মাদ্রাসার ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে ইসলামী আকিদা-আদর্শ সংরক্ষণ, সাহাবায়ে কেরামের মর্যাদা সমুন্নত রাখা এবং ধর্মীয় শিক্ষার স্বতন্ত্র পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষে উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।