
উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান
ধর্ম
ইসলাম ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৮:১১

২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি আর সীমাহীন প্রতিকূলতার মধ্যেও পবিত্র কোরআনের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন ফিলিস্তিনের গাজাবাসী। এরই অনন্য দৃষ্টান্ত হিসেবে ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা নগরীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে গাজার বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কোরআন পদযাত্রা। হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাঁদের এই পদযাত্রা কোরআনের প্রতি গাজাবাসীর গভীর ভালোবাসা এবং ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক মানুষ।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দেওয়ার এই আয়োজন নিছক সম্মাননা অনুষ্ঠান নয়; বরং ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্যাপন। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকার প্রমাণ এই অর্জন।
হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, কোরআন মুখস্থ করাই যেন তাদের পথচলার শেষ না হয়; বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা। কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সন্তানদের কোরআন চর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা বলেন, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও এক হাজার হাফেজ-হাফেজার এই অর্জন অত্যন্ত গর্ব ও আনন্দের। প্রতিকূলতার মুখেও গাজাবাসীর দৃঢ়তা ও টিকে থাকার অনন্য দৃষ্টান্ত এটি। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও জমিয়তুল বারাকার যৌথ প্রচেষ্টায় এ আয়োজন সম্ভব হয়েছে। কোরআনের হাফেজদের সহযোগিতা এবং কোরআন শিক্ষার কার্যক্রমে তাঁদের সংস্থার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাফেজ-হাফেজাদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন হিবা আল-হিমস। গাজা উপত্যকায় অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেছেন। তিনি বলেন, কোরআনের ধারক-বাহকদের সম্মান জানানো শুধু পুরস্কার বা উপাধির বিষয় নয়; বরং পবিত্র কোরআনকে জীবনের সঙ্গী ও পথচলার আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করা হৃদয়গুলোর প্রতি সম্মান। কোরআন মুখস্থ করার পাশাপাশি এর শিক্ষা অনুধাবন, বিধান অনুসরণ এবং নিজের চরিত্রে তার প্রতিফলন ঘটানোর দায়িত্বও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবার-পরিজন ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়। সূত্র: মিল্লাত টাইমস উর্দু