
সাইবার হামলার ঝুঁকি বাড়বে ১০ গুণ, প্রস্তুতি কতটা?
বিজ্ঞান-প্রযুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণের প্রায় ২২ ঘণ্টা পর শনিবার (১৪ নভেম্বর) পৃথিবীতে ফিরে আসে স্টারশিপ। ছবি: সংগৃহীত
মহাকাশ অভিযানে ইতিহাস গড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা পূর্ণাঙ্গ মহাকাশযান স্টারশিপকে মাটিতে অবতরণের আগেই মহাকাশযানটিকে প্রথমবারের মতো লঞ্চ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে শূন্যেই লুফে নিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণের প্রায় ২২ ঘণ্টা পর শনিবার (১৪ নভেম্বর) পৃথিবীতে ফিরে আসে স্টারশিপ। মেঘলা আকাশ ভেদ করে ধীরে ধীরে নিচে নামতে থাকা মহাকাশযানটি টেক্সাসের লঞ্চপ্যাড-২-এর ওপর থাকা বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে নিখুঁতভাবে আটকে যায়।
এ সাফল্যের পর স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক তার দলকে অসাধারণ কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন।
স্পেসএক্সের কর্মকর্তারা জানিয়েছেন, এই সফল অবতরণ স্টারশিপের পূর্ণাঙ্গ পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির সক্ষমতা প্রমাণ করেছে। দ্রুত ও কম খরচে মহাকাশযান পুনরায় ব্যবহার করতে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে পুরো অভিযান শতভাগ সফল হয়নি। শুক্রবার উৎক্ষেপণের পর স্টারশিপের প্রথম ধাপের বুস্টারটি বিস্ফোরিত হওয়ায় পরিকল্পনা অনুযায়ী দুটি অংশকেই ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বুস্টার থেকে সফলভাবে বিচ্ছিন্ন হওয়ার পর মূল মহাকাশযানটি কক্ষপথে পৌঁছে ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট ছাড়ে।
স্পেসএক্সের কর্মকর্তা কেট টিস জানান, পৃথিবীতে ফিরে আসার পথে মহাকাশযানটির ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে বুস্টারের দিকনির্দেশনা ব্যবস্থা সেটি সঠিক অবস্থানে নেই বলে শনাক্ত করে। এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটিকে পানিতে নামিয়ে দেয়ার বিকল্প ব্যবস্থা সক্রিয় হয় এবং বুস্টারটি ধ্বংস হয়ে যায়। প্রকৌশলীরা ঘটনার কারণ খতিয়ে দেখছেন।

এর আগে তিনবার বুস্টার ধরে ফেলার পরীক্ষায় সফল হয়েছিল স্পেসএক্স। ফলে এবার বুস্টার উদ্ধার ব্যর্থ হলেও প্রযুক্তিটির কার্যকারিতা আগেই প্রমাণিত হয়েছে।
এদিকে স্টারশিপের সফল প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চলতি দশকের শেষ দিকে আর্টেমিস কর্মসূচির আওতায় নভোচারীদের চাঁদে পাঠাতে স্টারশিপ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এ প্রকল্পে স্পেসএক্সকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে নাসা।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পুরো ঘটনাটি ছিল প্রায় জাদুর মতো।
স্পেসএক্স জানিয়েছে, পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করেছে স্টারশিপ। এ সময় এটি সর্বোচ্চ ২৬৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়। আগের অভিযানে যেখানে মাত্র এক থেকে দুইবার পৃথিবী প্রদক্ষিণ করতে পেরেছিল, সেখানে এবার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মহাকাশযানটির তাপরোধী ঢালসহ গুরুত্বপূর্ণ সব ব্যবস্থা ঠিকঠাক কাজ করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৩ সালের পর এটি ছিল পূর্ণাঙ্গ স্টারশিপের ১৫তম উড্ডয়ন এবং কক্ষপথে পৌঁছানোর দ্বিতীয় অভিযান। ১২৪ মিটার দীর্ঘ স্টারশিপ বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা