
অ্যাকারম্যান-জুবায়েরের দাপট, শেষ সেশনে ৩ উইকেট শিকার বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২০:৩১

জুবায়ের হামজাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন মুমিনুল হক। ছবি: এএফপি
কোনোভাবেই উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। তিন পেসার আর একমাত্র নিয়মিত স্পিনার মেহেদী হাসান মিরাজ মিলে ঘণ্টার পর ঘণ্টা হাত ঘুরিয়েও মার্কাস অ্যাকারম্যান আর জুবায়ের হামজার জুটি ভাঙতে পারছিলেন না। অ্যাকারম্যান তো ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিও পেয়ে গেলেন, একই পথে হাঁটছিলেন জুবায়েরও। অবশেষে অধিনায়ক শরণাপন্ন হলেন মুমিনুল হকের, আর এই পার্ট টাইমারের হাত ধরেই এলো বহুল প্রতীক্ষিত উইকেট।
উইকেটহীন দ্বিতীয় সেশনের পর তৃতীয় সেশনে সাফল্যের দেখা পেল বাংলাদেশ। সেই সাফল্যও আবার এলো এমন একজনের হাত ধরে, দলে যার মূল কাজ ব্যাট করা। মাঝেমাঝে হাত ঘুরানো মুমিনুল হক প্রথম ওভার করতে এসেই আউট করলেন জুবায়ের হামজাকে। মুমিনুলের বাঁহাতি স্পিনেই ভাঙল ২০২ রানের জুটি।
মুমিনুলের বলে লিটনের হাতে ক্যাচ দেয়ার আগে ১২৯ বলে ১২ চারে ৮৩ রানের ইনিংস খেলেন জুবায়ের।
তবে টাইগারদের গলার কাঁটা হয়ে টিকে আছেন অ্যাকারম্যান। তিন টেস্টের ক্যারিয়ারে প্রথম শতকের দেখা পেয়েছেন এই বাঁহাতি। ১৩৭ বলে ১৬ চারে ১১৬ রানে অপরাজিত তিনি।
এর আগে ইনিংসের শুরুতেই উইকেট এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। ফিরিয়েছিলেন ৪ রান করা এইডেন মার্করামকে।
এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২১৯ রান। এখন বাংলাদেশের চেয়ে ১৮১ রানে পিছিয়ে তারা।