
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন আফগানিস্তানের দুই ক্রিকেটার
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৬

রোনালদো পরবর্তী যুগের প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। ছবি: সম্পাদিত
ক্রিস্টিয়ানো রোনালদো অবসরে যাওয়ার পর নতুন যুগে পা রেখেছে পর্তুগাল। কিন্তু নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে ছাড়া খেলতে নেমে ডেনমার্কের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। শনিবার (১৪ নভেম্বর) ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে জর্জে জেসুসের শিষ্যরা। অনেকেই মনে করেন, ম্যাচজুড়েই রোনালদোর অভাববোধ করেছে পর্তুগিজরা। বিশেষ করে, আক্রমণভাগকে ধুকতে দেখা গেছে।
ডেনমার্কের বিপক্ষে বড় হারের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিকে দায়ী করতে রাজি নন পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুস। তার মতে, রোনালদো নিজেই জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ২৩ বছর ধরে দেশের জন্য তার অবদানের কথা ভক্তরা এখনো ভুলে যাননি, এটাই স্বাভাবিক।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের চতুর্থ গোলের পর গ্যালারি থেকে অনেক দর্শক বেরিয়ে যান। এ সময় তারা পর্তুগিজ মহাতারকা রোনালদোর নামে স্লোগান দিতে থাকেন। জাতীয় দলে অনুপস্থিত থাকলেও এই ঘটনা আবারও পর্তুগাল দলে রোনালদোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার জন্ম দেয়।
রোনালদোর অভাব অনুভব করছেন কি না, এমন প্রশ্নের জবাবে জেসুস স্পষ্ট করে জানান, দুটি বিষয় এক নয়। তার মতে, জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলার কারণে রোনালদোকে সমর্থকদের মনে পড়াটা স্বাভাবিক।
তিনি বলেন, ‘মানুষ তাকে মিস করে। জাতীয় দলের হয়ে ২৩ বছরে ক্রিস দেশের জন্য যা দিয়েছেন, তা তারা ভুলে যায়নি। কিন্তু এখন আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই।’
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জেসুস আরও বলেন, ‘আমি তাকে মিস করব কেন? তিনি তো আর জাতীয় দলে নেই। তিনি যদি আমার পাশে থাকতেন, তাহলে হয়তো তাকে মিস করতাম। কিন্তু তিনি এখন আর খেলেন না, এখানে নেই। নিজের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন।’

ম্যাচের শেষটা নিয়ে নিজের অসন্তোষও গোপন করেননি পর্তুগাল কোচ। তার দল ঘরের মাঠে হারবে, এমনকি চার গোল হজম করবে, এটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না বলে জানান তিনি।
জেসুস স্বীকার করেন, প্রথম লেগে দলের যে রক্ষণাত্মক দৃঢ়তা দেখা গিয়েছিল, এবার তা ধরে রাখতে পারেননি খেলোয়াড়েরা। ডেনমার্কের আক্রমণ থামাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের হাই প্রেসিং এবং পর্তুগিজ খেলোয়াড়দের পেছনে ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আরও বিপজ্জনক হয়ে ওঠে ডেনমার্ক। অন্যদিকে, আক্রমণভাগ থেকেও পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকেরা।
কোচের মতে, সমস্যাটা শুধু রক্ষণভাগে সীমাবদ্ধ ছিল না। আক্রমণভাগের খেলোয়াড়েরা ঠিকভাবে প্রেসিং করতে না পারায় ডেনমার্ক সহজেই বল নিয়ে সামনে এগিয়েছে এবং নিজেদের আক্রমণ সাজানোর সুযোগ পেয়েছে।
জেসুস জানান, ক্রস থেকে ডেনমার্কের করা দুটি গোলের ধরনও ছিল প্রায় একই। পেছন থেকে সামনে উঠে এসে প্রতিপক্ষের খেলোয়াড়েরা আলবার্তো ও রুবেন দিয়াসের মাঝের ফাঁকা জায়গা কাজে লাগিয়েছেন। পর্তুগিজ খেলোয়াড়দের মুভমেন্ট বুঝে নিয়ে দুর্বলতা কাজে লাগানোর ক্ষেত্রে ডেনমার্কের দক্ষতারও প্রশংসা করেন তিনি।
প্রথম লেগে পর্তুগাল ছিল অনেক ভালো দল। সেবার ৪-২ গোলে জিতেছিল তারা। কিন্তু ফিরতি লেগে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারেনি দলটি।
হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন জেসুস। তার নির্দেশনা অনুযায়ী খেলোয়াড়েরা মাঠে নিজেদের দায়িত্ব পালন করতে না পারার দায় কোচ হিসেবে তার বলেই মনে করেন তিনি। পাশাপাশি দুই সপ্তাহ ক্লাব ফুটবলের বাইরে থাকায় কয়েকজন খেলোয়াড় পর্যাপ্ত ম্যাচ ফিটনেসও ধরে রাখতে পারেননি বলে উল্লেখ করেন।
এই পরাজয়ের পর ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে নিজের পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন পর্তুগাল কোচ। আগে কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথা ভাবলেও এখন আগের চার জয়ে ভালো পারফরম্যান্স করা এবং দলের ভারসাম্য বজায় রাখতে সক্ষম খেলোয়াড়দের ওপরই বেশি ভরসা রাখতে চান তিনি। লক্ষ্য একটাই, কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করা।
তবে ডেনমার্কের কাছে এই হারকে কেন্দ্র করে আগের চার ম্যাচের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন তুলতে চান না জেসুস। তার মতে, এটি ছিল দলের জন্য একটি খারাপ রাত, যা আগের ম্যাচগুলোর সাফল্যকে মুছে দিতে পারে না।
তিনি বলেন, ‘আগের চার ম্যাচে দল যে পথ পাড়ি দিয়েছে, তা নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করব না। ওই চার ম্যাচে আমরা দারুণ কিছু জয় পেয়েছি।’
ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন বলেও জানান জেসুস। তাদের মনে করিয়ে দিয়েছেন, এখনো গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল এবং প্রথম স্থান নিশ্চিত করার জন্য সামনে একটি সুযোগ বাকি আছে। হারটি বড় হলেও ডেনমার্ক যে জয়ের যোগ্য ছিল, সেটিও স্বীকার করেছেন তিনি।