
মজুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান আইবিসির
অর্থ-বাণিজ্য
ঈশিতা আক্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫

হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করছেন আন্দোলনকারীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতায় সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা নিয়ে বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। এতে নতুন ক্রয়াদেশ কমে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও ক্রয়াদেশ বাতিলের ঝুঁকি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজিবিএ সভাপতি বলেন, অভ্যন্তরীণ অস্থিরতার কারণে এরইমধ্যে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।
ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের ব্যবসায়িক নির্ভরযোগ্যতা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, চলমান সংকটের বিরূপ অর্থনৈতিক প্রভাব আগামী তিন মাসে দেশের সামগ্রিক রফতানি আয়ে প্রতিফলিত হওয়ার আশঙ্কা রয়েছে।
জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক মনে করে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন। তবে মজুরি এমন হতে হবে, যা শ্রমিকদের জন্য সম্মানজনক এবং কারখানার জন্য বহনযোগ্য। শিল্পের ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকারের কাছে দ্রুত ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত প্রত্যাশা করছে সংগঠনটি।