
কর্মস্থলে স্ট্রোকে আক্রান্ত, হাসপাতালে প্রাণ গেল মালদ্বীপ প্রবাসীর
প্রবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৮:২৪

২১ দিন! দীর্ঘ এই সময়টাতে ছিল না কোনো খবর, ছিল না কোনো বার্তা। যুদ্ধের ভয়াবহ ফ্রন্টলাইনে গিয়ে কোথায় হারিয়ে গেলেন রাজন? বেঁচে আছেন, নাকি প্রাণ হারিয়েছেন যুদ্ধে এমন প্রশ্ন আর উৎকণ্ঠায় দিন কেটেছে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন, বেঁচে আছেন। তবে যুদ্ধের ময়দানে স্থলমাইনে আহত হয়েছেন বাংলাদেশি এই যুবক।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত মো. রাজন হোসাইন।
ছবির সঙ্গে মাত্র চারটি শব্দ ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ এরপর দীর্ঘ বার্তায় তুলে ধরেন বেঁচে ফেরার লড়াই আর দেশবাসীর ভালোবাসার কথা।
রাজন লেখেন, যুদ্ধের ময়দানে মাইনে আহত হওয়ার পরও মহান আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন তিনি। একজন সাধারণ মানুষের জন্য পুরো দেশবাসীর এমন দোয়া, ভালোবাসা আর খোঁজখবর নেওয়া তাকে অভিভূত করেছে। যারা তার জন্য দোয়া করছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান, যেন নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে পারেন।
রাজনের ভাষায়, সবার ভালোবাসা ও দোয়ার ঋণ কোনো দিন শোধ করতে পারবেন না তিনি। হয়তো ব্যক্তিগতভাবে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হবে না, তবে প্রত্যেকের প্রতি রয়েছে অন্তরের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।
উল্লেখ্য, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের ভয়াবহতা, বাংলাদেশিদের অংশগ্রহণ ও প্রাণহানির ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি। এমনকি অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়েও সতর্ক করতেন।
গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে প্রকাশিত ভিডিওবার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন রাজন। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফেরার আশাবাদ জানিয়েছিলেন। সেই ভিডিও প্রকাশের পর বেলা ১১টা থেকেই যেন হঠাৎ থেমে যায় তার সব যোগাযোগ। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর শঙ্কা। অবশেষে সেই নীরবতা ভেঙে ফিরে এলেন রাজন। যুদ্ধের ময়দান থেকে তার এই বেঁচে থাকার খবর স্বস্তি দিয়েছে অনেককে।
প্রাসঙ্গিক: