
ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী কে এই আইজেনকোট?

জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স চলতি সপ্তাহে তাদের চতুর্থ সন্তানের জন্ম দেন। ছবি: এক্স থেকে নেয়া
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নবজাতক ছেলে অ্যালেককে স্বাগত জানিয়েছে ঘানার ইরানি দূতাবাস। সেই সঙ্গে ইরানে মিনাবের স্কুলে মার্কিন হামলায় নিহত শিশুদের প্রসঙ্গও তুলে ধরেছে।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ইরানি দূতাবাসের এক বার্তায় ভ্যান্সের নবজাতক ছেলেকে স্বাগত জানিয়ে বলা হয়, ‘পৃথিবীতে স্বাগতম, অ্যালেক। তুমি উষ্ণ ও নিরাপদ থাকবে।’
ওই বার্তায় মিনাবের স্কুলে হামলায় নিহত শিশুদের প্রসঙ্গ সামনে এনে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভূমিকার সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, ‘আমরা প্রার্থনা করি, তোমার বাবা যে প্রশাসনে কাজ করেন, সেই প্রশাসন তোমার মায়ের গর্ভে থাকাকালীন তোমার মতোই ইরানি শিশুদের ওপর কী করেছিল—তা যেন তুমি কখনোই জানতে না পারো।
এরপর বলা হয়েছে, ‘তবে যদি কখনও জেনেও ফেলো, তবে তাকে (ভ্যান্সকে) জিজ্ঞেস করবে—মিনাবের শিশুদের জন্য তিনি কেন একবারও শোকপ্রকাশ করেননি? তিনি এর কোনো উত্তর দিতে পারবেন না।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওইদিনই দেশটির দক্ষিণাঞ্চলের মিনাব শহরের শাজারেহ তাইয়িবা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বিমান হামলায় ১২০ শিশু শিক্ষার্থীসহ মোট ১৬৮ জন নিহত হন।
জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স চলতি সপ্তাহে তাদের চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন। গত রোববার (২৫ অক্টোবর) তাদের ঘরে একটি পুত্রসন্তান জন্ম নেয়। নবজাতকের নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সুখবর জানান জেডি ভ্যান্স। তিনি বলেন, উষা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। পরিবারের অন্য সন্তানেরাও তাদের নতুন ভাইকে পেয়ে আনন্দিত।
ভ্যান্স এ সময় ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার এবং হোয়াইট হাউস মেডিকেল ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।
এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে আমাদের ছেলে অ্যালেক নিল ভ্যান্সের জন্ম হয়েছে। উষা ও সন্তান দুজনই সুস্থ আছে। আমাদের অন্য সন্তানেরা তাদের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত।’
জেডি ও উষা ভ্যান্সের এর আগে তিন সন্তান রয়েছে। তাদের নাম ইওয়ান, বিবেক ও মিরাবেল। নতুন সন্তানকে নিয়ে এ দম্পতির পরিবারের সদস্যসংখ্যা এখন ছয়।