
বাঁশের সাঁকোই ১০ গ্রামের ভরসা, নবগঙ্গায় পাকা সেতু হবে কবে?
বাংলাদেশ
মায়মুনা হায়দার চৌধুরী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৯:২

আয়নাঘরে নরকযন্ত্রণা। ছবি: এআই জেনারেটেড
মৃত্যুর চেয়ে নির্যাতন যখন অসহনীয়, তখন বেঁচে থাকাটাই হয়ে ওঠে এক দুঃস্বপ্ন। বছরের পর বছর গোপন বন্দিশালায় আটকে রেখে চালানো হয়েছে নির্মম নির্যাতন, কেড়ে নেয়া হয়েছে স্বাভাবিক জীবনের অধিকার। আয়নাঘরের অন্ধকার থেকে ফিরে আসা মানুষগুলোর বয়ানে উঠে এসেছে রাষ্ট্রীয় গুমের ভয়াবহ বাস্তবতা।
আওয়ামী লীগ শাসনামলে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রাতের আঁধারে রাজধানীর উত্তরা থেকে মাইক্রোবাসে তুলে নেয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে। এরপর তার চোখ বাঁধা হয় কালো কাপড়ে। হাতে হ্যান্ডকাফ। শুরু হয় নির্যাতন।
পরে সোহেল রানাকে নেয়া হয় ছোট্ট ঘরে, যেখানে আসে না বাইরের আলো। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারান সোহেল। সচেতন অবস্থায় ফেরার পর শরীরে নির্মমতার চিহ্ন দেখে শিউরে ওঠেন তিনি। ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে সোহেলের ওপর ছয় মাস ধরে চলে নির্যাতন।
সোহেল রানা বলেন,
গাড়িতে কানে দুটি ক্লিপ লাগিয়ে প্রথমে ইলেকট্রিক শক দেয়া হয়। পরে গাড়ি চলল। একটা পর্যায়ে মনে হলো, ব্রাশফায়ার করে মেরেই ফেলবে। এরপর রুমে নিয়ে ধরে ধরে বিভিন্ন জায়গায় নির্যাতন করা হত। মনে হত, এই নির্যাতনের চেয়ে বরং মেরে ফেলুক।
একই অন্ধকারের আরেক সাক্ষী মাইকেল চাকমা। পার্বত্য চট্টগ্রামের অধিকার ও রাজনৈতিক ইস্যু নিয়ে সক্রিয় ছিলেন তিনি। ২০১৯ সালে গুমের শিকার হওয়ার পর টানা পাঁচ বছর তাকে আটকে রাখা হয় গোপন বন্দিশালায়। সেখানে কেমন ছিল তার জীবন?
মাইকেল চাকমা বলেন, ‘একটা মৃত্যুপুরীতে শুধু নিঃশ্বাস নিয়ে বেঁচে ছিলাম। যদি মানুষ কবর থেকে ফিরে এসে বলতে পারত যে কবরটা এমন ছিল, তাহলে ওই জায়গাটার অবস্থা মানুষ বুঝত যে, এটা আসলে ঠিক সেরকম।’
মাইকেলের বর্ণনায়, চোখ বেঁধে তাঁকে নেয়া হয়েছিল সেখানে। কোমর থেকে মাথা পর্যন্ত চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হত। এরপর ঘোরানো হত ভয়ংকর সেই চেয়ার। তাকে হুমকি দেয়া হত ২২৪ ভোল্টেজে পুড়িয়ে ফেলার।
তিনি বলেন,
আমি বাঁচব কি না, আমার মেরুদণ্ড ভাঙবে কি না—এমন একটা অবস্থার মধ্যে ছিলাম। মেরে ফেলবে, নাকি বাঁচিয়ে রাখবে, নাকি আমৃত্যু রাখবে, সেটার উত্তর কেউ দিতে পারবে না—এমন একটা অবস্থার মধ্যে ছিলাম।
পাঁচ বছরে মাইকেলকে তিনটি আলাদা জায়গায় সরিয়ে নেয়া হয়েছিল, যার প্রতিটি ছিল আগেরটির চেয়েও ভয়ংকর। জুলাই গণ-অভ্যুত্থানের পর মুক্ত হয়ে জানতে পারেন সবচেয়ে হৃদয়বিদারক সত্য।
তিনি বলেন, ফিরে জানতে পারি, আমার পরিবার আমার শেষকৃত্য করেছে। আমি ফিরে আসব বলে তারা আশা করেননি।
রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন বিরোধী মতের ব্যক্তিদের গোপন সেলে আটকে রেখে কী ধরণের নির্যাতন করা হত, এর ভয়ংকর বর্ণনা উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে।
বিলুপ্ত গুম কমিশনের সদস্য নূর খান লিটনের মতে, এসব কর্মকাণ্ড ছিল আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
নূর খান লিটন বলেন,
ইলেকট্রিক শক, মানুষকে ঝুলিয়ে পেটানো, ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে মানুষকে ঘোরানো হত—জিজ্ঞাসাবাদের নামে এই যে অত্যাচারগুলো করা হত, সেটা বাংলাদেশের সংবিধান বলেন, বাংলাদেশের প্রচলিত আইন বলেন, এমনকি এই বাহিনীগুলো যে আইনে পরিচালিত হত, এর কোনোটাকেই মেনে করা হয়নি। এর মানে, এ কাজগুলো আইনি বাহিনী বেআইনিভাবে করেছে।
আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটানো প্রত্যেকের দীর্ঘশ্বাস আর চোখের জলে আজও ভারি হয়ে ওঠে রাষ্ট্রের বাতাস। চিরকালের জন্য গুমের কলঙ্কমুক্ত হোক দেশ, এমনটাই চাওয়া সবার।