
মজুরি বোর্ড গঠনের ৩ দিনের মাথায় চেয়ারম্যান পরিবর্তন
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। ছবি: সংগৃহীত
শ্রমিক নির্যাতন বন্ধ, আটক শ্রমিকদের মুক্তি ও ব্ল্যাকলিস্ট না করার শর্তে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশের অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। প্রায় আড়াই ঘণ্টা পর তারা এই অবরোধ প্রত্যাহার করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ, শ্রমিক নির্যাতন বন্ধ, শ্রমিকদের ব্ল্যাকলিস্ট না করা এবং আটক শ্রমিকদের মুক্তির দাবিতে হেমায়েতপুরে মহাসড়কের উভয়মুখী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন শ্রমিকরা। তাদের অবরোধের কারণে ঢাকা থেকে আরিচাগামী এবং আরিচা থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও প্রথম দিকে তাতে কোনো সুফল মেলেনি। পরে শ্রমিক নির্যাতন না করা, আটক শ্রমিকদের মুক্তি এবং কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্ট না করার শর্ত মেনে নেয়ার আশ্বাসে বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।