
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বাংলাদেশ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৫৩

মারধরের শিকার বৃদ্ধাকে আজ ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরের পর মিনারা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিনারা আক্তার পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারা আক্তার ও তার মেয়ে শাহানা বেগমের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কামরুল ও তার স্ত্রী নিলুফার মিলে মিনারাকে মারধর করেন।
রাতের একপর্যায়ে অসুস্থবোধ করায় সোয়া ১২টার দিকে স্থানীয় লোকজন মিনারাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে যান। গভীর রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ভোর ৫টা ২০ মিনিটে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিনারা আক্তারের বাঁ চোখ আঘাতের কারণে ফোলা ছিল জানিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা বলেন, ‘মিনারা চোখে দেখতে পারছিলেন না। উচ্চ রক্তচাপ থাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
প্রাসঙ্গিক:
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।