
যুক্তরাজ্যে মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশে বহিষ্কার
আন্তর্জাতিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

দমন-পীড়ন চালিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের। গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণার সময় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার পর্যবেক্ষণে এই মন্তব্য করেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি।
ইওয়াসাওয়া বলেন, ‘সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।’
মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন ইওয়াসাওয়া। তিনি বলেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গা গ্রাম ও বসতি ধ্বংস করেছে।
ইওয়াসাওয়া বলেন, চরম নৃশসংসতার পর যখন বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
তিনি আরও বলেন, আদালত এটিও নিশ্চিত হয়েছেন যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন করা হয়েছে, তা তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তারা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ ভেঙেছে, এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া।
প্রাসঙ্গিক:
মামলায় বলা হয়, মিয়ানমারের সামরিক অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং এই গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী।
২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ কাজ ঠেকাতে অন্তর্বর্তী ব্যবস্থা নিতে বলেন। একই সঙ্গে নির্যাতনের প্রমাণ সংরক্ষণেরও নির্দেশ দেন।
তথ্য-প্রমাণ সংগ্রহ করে জাতিসংঘের স্বাধীন তদন্ত মিশন ওই সামরিক অভিযানে ‘গণহত্যা’ হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে। এরপর শুরু হয় মামলার শুনানি। যা চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে) নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রায় পড়া শুরু করেন বিচারক ইওয়াসাওয়া।
বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাদের আশা, এই রায় তাদের ন্যায়বিচারের পথে এক ধাপ এগিয়ে নেবে এবং তারা তাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে ফিরতে পারবেন।